জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। আজ ১ জুলাই থেকে নতুন অর্থবছরের এই বাজেট কার্যকর হচ্ছে। এটি দেশের ৫৫তম বাজেট এবং জাতীয় নির্বাচনের পর বিএনপি সরকারের প্রথম বাজেট।
তিন সপ্তাহের দীর্ঘ আলোচনা, সমালোচনা এবং একাধিক সংশোধনীর পর কণ্ঠভোটে বাজেট অনুমোদন দেওয়া হয়। বাজেটে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা নির্ধারণ, ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যবাধকতা প্রত্যাহার, আবাসন খাতে কালোটাকা সাদা করার সুযোগ বাতিল এবং ক্ষুদ্র মুদি দোকানকে প্যাকেজ ভ্যাটের আওতার বাইরে রাখার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং বাজেট ঘাটতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। একই সঙ্গে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা এবং জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংসদ সদস্যদের মতামত ও সুপারিশ বিবেচনায় নিয়েই বাজেটে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে তিন বছর মেয়াদি একটি রোডম্যাপও ঘোষণা করা হয়েছে।