গত বছরের শেষ চার মাসে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি আটকে আছে ৮ শতাংশের নিচে। এর পেছনে উচ্চ মূল্যস্ফীতি ও তারল্য কমে যাওয়াসহ তিনটি কারণ থাকার কথা বলছেন ব্যাংকাররা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, ডিসেম্বরে আমানতের প্রবৃদ্ধি আগের মাসের চেয়ে কমে ৭.৪৪ শতাংশে দাঁড়িয়েছে।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি ছিল ৭.২৬ শতাংশ। অক্টোবরে তা সামান্য বেড়ে হয় ৭.২৮ শতাংশ। নভেম্বরে আরও বেড়ে ৭.৪৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। ডিসেম্বরে তা কমে গিয়েছে। এর আগে ব্যাংক খাত আমানতের এত কম প্রবৃদ্ধি হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে, সেবার ৬.৮৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।
গত বছর জুলাই-আগস্টের গণ-আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তার আগে থেকেই ডলার-সংকট, রিজার্ভের পতন, রেমিট্যান্স কমে যাওয়াসহ অর্থনীতিতে নানা সংকট ছিল। সরকার পতনের মাস আগস্টে ব্যাপক সহিংসতা, বিশৃঙ্খলার মধ্যেও ব্যাংক আমানতে ৯.৫০ শতাংশ প্রবৃদ্ধির তথ্য দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তার আগে ১০ শতাংশের কম প্রবৃদ্ধি হয়েছিল ২০২৩ সালের অক্টোবরে, ৯.৮০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের ডিসেম্বরে ব্যাংক খাতে আমানত দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৬ হাজার ৭৫২ কোটি টাকা। ২০২৩ সালের একই সময় তা ১৬ লাখ ৫৩ হাজার ৭৪৪ কোটি টাকা ছিল। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি ১০ শতাংশের ওপর থাকা উচিত। আর বাংলাদেশের মতো দেশে ১২-১৪ শতাংশ হওয়া উচিত।
আর্থিক খাত সংশ্লিষ্টরা জানান, শেখ হাসিনা সরকার পতনের পরে ব্যাংক খাত নিয়ে একরকম আস্থার অভাব রয়েছে। ৮-৯টি ব্যাংক তারল্য সংকটে ভুগছে। এসব ব্যাংকের গ্রাহক চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারছে না। তাই এসব ব্যাংকে আমানতও আসছে না। ব্যাংক আমানতের প্রবৃদ্ধি কমার বড় কারণ ব্যাংকের প্রতি মানুষের আস্থার সংকট ঘটেছে।
অন্য একজন আর্থিক বিশ্লেষক জানান বিগত সরকার বিগত ১৬ বছর ক্ষমতায় থাকার পরে সরকার পতনে আতঙ্কিত হয়ে বহু আওয়ামিলীগের লোকজন ও সরকারি কিছু অসাধু কর্মকর্তারা ভয়ে ব্যাংক থেকে সব টাকা তুলে ফেলেছে, যে কারণেও ব্যাংকের আমানতের প্রবৃদ্ধি কমেছে রেকর্ড পরিমাণ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।