দেশে সিমেন্ট ক্লিংকার আমদানিতে শুল্ক না কমালে ভ্যাট আদায়ে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ)। গতকাল রবিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক বাজেট আলোচনায় এ কথা জানায় সংগঠনটি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। বিসিএমএর পক্ষ থেকে বাজেট প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনটির প্রথম সহসভাপতি ইমরান করিম। অনুষ্ঠানে এনবিআরের ভ্যাট, কাস্টম ও আয়কর নীতি বিভাগের সদস্য, প্রথম সচিব ও দ্বিতীয় সচিবরা উপস্থিত ছিলেন।
এছাড়া প্রাক বাজেট আলোচনায় আরো প্রস্তাবনা তুলে ধরে স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসবিএমএ), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ (বিএসিআই), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), বাংলাদেশ স্টিল ম্যানুফাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ), বাংলাদেশ রেডিমিক্স কনক্রিট অ্যাসোসিয়েশন, স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশন, আইসিএমএবি, আইসিএসবিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন।
উল্লেখ্য দেশের শেয়ার বাজারে ৭ টি সিমেন্ট কোম্পানি তালিকাভুক্ত আছে।সেগুলি হলোঃ এরামিট সিমেন্ট লিমিটেড ,কনফিডেন্স সিমেন্ট পিএলসি ,ক্রাউন সিমেন্ট পিএলসি,হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ,লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড ,মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড ও প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড ।