গতকাল রোববার (২৬ মে) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকে ২০ বছর (রি-ইস্যু) ও ১৫ বছর (রি-ইস্যু) মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রয়ের জন্য নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (২৮ মে)।
এতে বলা হয়, আগামী মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে ২০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির (রি-ইস্যু) নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে ২০২৩ সালের ২৫ জানুয়ারি ৮ দশমিক ৮৯ শতাংশ কুপন হারে ইস্যু করা ২০ বছর মেয়াদি (আইএসআইএন নং বিডি ০৯৪৩২৮১২০৬) ১ হাজার ২০০ কোটি টাকা অভিহিত (লিখিত) মূল্যের ট্রেজারি বন্ড রি-ইস্যু করা হবে। এ বন্ডের মেয়াদোত্তীর্ণ হবে ২০৪৩ সালের ২৫ জানুয়ারি।
আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, মঙ্গলবার (২৮ মে) ১৫ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রয় (রি-ইস্যু)-এর নিলাম অনুষ্ঠিত হবে।
এ নিলামে ২০২৪ সালের ২৭ মার্চ ১২ দশমিক ১৫ শতাংশ কুপন হারে ইস্যু করা ১৫ বছর মেয়াদি (আইএসআইএন নং বিডি ০৯৩৯৩৭১১৫১) ১ হাজার ২০০ কোটি টাকা অভিহিত (লিখিত) মূল্যের ট্রেজারি বন্ড রি-ইস্যু করা হবে। এ বন্ডের মেয়াদোত্তীর্ণ হবে ২০৩৯ সালের ২৭ মার্চ।
এছাড়া উভয় ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম প্রাইসভিত্তিক হবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, নিলামে শুধু সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগ পাওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিড দাখিল করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানও নিজস্ব খাতে তাদের ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে নিলামে বিড দাখিল করতে পারবে।
অভিহিত (লিখিত) মূল্যে প্রতি ১০০ টাকা মূল্যের বন্ড ক্রয়ের জন্য কাঙ্ক্ষিত ইয়েল্ড হার ও বন্ড ক্রয়ের পরিমাণ উল্লেখ করে নিলামে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এমআই মোডুলের মাধ্যমে বিড দাখিল করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তবে বিশেষ কোনো পরিস্থিতিতে প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে ম্যানুয়াল বিডস ইন সিলড কভারস পদ্ধতিতে বিড দাখিল করা যাবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।