ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট অংশে ২৪ ঘণ্টায় মঙ্গলবার (৫ই সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে বুধবার (৬ই সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত গাড়ি চলাচল করেছে ৩০ হাজার ৯১৯টি। বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট অংশে ২৪ ঘণ্টায় যানবাহন চলাচল ও টোল আদায় হয়েছে ২৫ লাখ ৬ হাজার ৮০০ টাকা।
আজ বুধবার (৬ই সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানিয়েছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার। তিনি জানান, এই উড়াল সড়ক দিয়ে চলাচল করা যানবাহনের মধ্যে বেশির ভাগই প্রাইভেট কার।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শনিবার (২রা সেপ্টেম্বর) উদ্বোধনের পর রবিবার (৩রা সেপ্টেম্বর) যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ওই দিন ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত (২৪ ঘণ্টা) যানবাহন চলাচল করেছে ২২ হাজার ৮০৫টি আর টোল আদায় হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা।
সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই উড়াল সড়কে চলাচল করা যানবাহনের সংখ্যা ছিল ২৭ হাজার ১২১টি এবং টোল আদায় হয়েছে ২১ লাখ ৯৭ হাজার ৪০ টাকা।
গত ২৪ ঘণ্টায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা-বনানী-মহাখালী-ফার্মগেটে চলাচল করা গাড়ির সংখ্যা ১৫ হাজার ৬৯০টি, কুড়িল-বনানী-ফার্মগেট ৩ হাজার ৬১৯টি, বনানী-কুড়িল-কাওলা ২ হাজার ৮৯৮টি এবং ফার্মগেট-মহাখালী-বনানী-কুড়িল-কাওলা ৮ হাজার ৭১২টি।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে তেজগাঁওর ফার্মগেট পর্যন্ত প্রথম অংশ শনিবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রথম টোল দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পার হন।
রবিবার উড়াল সড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর ব্যক্তিগত গাড়ির প্রাধান্য থাকলেও গণপরিবহন খুব একটা চলতে দেখা যায়নি সারা দিন।
এদিকে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাসহ দুই ও তিন চাকার কোনও যান চলবে না। পথচারী চলাচলও নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।