সোনার দাম কমেছে বিশ্ববাজারে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী মার্কিন ডলার এবং দেশটির ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের কড়াকড়ি মুদ্রানীতির পক্ষে দেওয়া মন্তব্যের প্রভাবে বাজারে সোনার দাম কমতে শুরু করে।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার আন্তর্জাতিক বাজারে স্পট সোনার দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩১৬ দশমিক ৫৯ ডলারে নেমেছে। গ্রিনিচ মান সময় ১০টা ২৭ মিনিটে এ দর রেকর্ড করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর সরবরাহের সোনার ফিউচার দর কমেছে ০.৫ শতাংশ। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৩৫৩ দশমিক ৩০ ডলারে।
বাজার বিশ্লেষকদের মতে, শক্তিশালী ডলার সোনার ওপর চাপ তৈরি করেছে। একই সঙ্গে ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সাম্প্রতিক কড়াকড়ি মুদ্রানীতির পক্ষে অবস্থান সুদের হার তুলনামূলক বেশি থাকার প্রত্যাশা বাড়িয়েছে। এতে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমেছে।
উল্লেখ্য, বাংলাদেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হওয়ার পর আর কোনো পরিবর্তন আসেনি। ফলে আজও আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা-রুপা।
সূত্র: রয়টার্স