নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় বিনিয়োগের উদ্যোগ নিয়েছে বারাকা গ্রুপ ও প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিআইডিজি)।
যৌথ উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগে বাস্তবায়নাধীন এ প্রকল্পের দায়িত্ব পেয়েছে প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গঠিত যৌথ প্রতিষ্ঠান বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেড।
উল্লেখ্য, বারাকা গ্রুপের বিদ্যুৎ খাতের দুটি প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেড (BARKAPOWER) এবং বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড (BPPL) ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (CSE) তালিকাভুক্ত। ফলে গ্রুপটির নবায়নযোগ্য জ্বালানি খাতে এই নতুন বিনিয়োগ উদ্যোগ পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছেও বিশেষ আগ্রহের বিষয় হতে পারে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার একটি হোটেলে নতুন কোম্পানিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ ছাড়া সরকারের নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ফটিকছড়ির এই প্রকল্প জাতীয় নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এটি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দেশের জ্বালানি খাতের বহুমুখীকরণে ভূমিকা রাখবে। একই সঙ্গে এ উদ্যোগ ভবিষ্যতে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে।
প্রকল্পটি বাস্তবায়নে আনুমানিক দুই বছর সময় লাগতে পারে এবং সরকারের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির মেয়াদ ২০ বছর বলে জানা গেছে।
খাতসংশ্লিষ্টদের মতে, প্রায় ৪৫ মিলিয়ন ডলারের এ বিনিয়োগ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি ও বেসরকারি বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টাও শক্তিশালী হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।