পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লঙ্কাবাংলা ফাইন্যান্স পিএলসি ২০২৫ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সুপারিশ করেছে।
সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির সমন্বিত হিসাবে ১১২ কোটি ২৫ লাখ টাকা নিট লোকসান হয়েছে। আগের বছর একই সময়ে কোম্পানিটির নিট মুনাফা ছিল ২৮ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ১৮১তম সভায় ২০২৫ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ না দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (PSI) থেকে বিষয়টি জানা গেছে।
EPS-এ বড় পতন, মুনাফা থেকে লোকসানে
কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ হিসাববছরে সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ঋণাত্মক ২ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৫১ পয়সা।
এদিকে, ২০২৫ সালের শেষে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAV) দাঁড়িয়েছে ১৩ টাকা ৯৯ পয়সায়, যা ২০২৪ সালের শেষে ছিল ১৮ টাকা ৩২ পয়সা।
তবে সমন্বিত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) বেড়ে ৫ টাকা ৩৩ পয়সা হয়েছে। আগের বছর এ সূচক ছিল ১ টাকা ৬৬ পয়সা।
একক হিসাবে মুনাফায় থাকলেও লভ্যাংশ নেই
অন্যদিকে, কোম্পানিটির একক বা সোলো আর্থিক হিসাবে ২০২৫ সালে শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১২ পয়সা, যা আগের বছর ছিল ১৪ পয়সা।
একক হিসাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAV) দাঁড়িয়েছে ১৩ টাকা ৭২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) হয়েছে ৪ টাকা ৬৭ পয়সা।
তালিকাভুক্তির পর প্রথমবার জেড ক্যাটাগরিতে যাওয়ার সম্ভাবনা
লঙ্কাবাংলা ফাইন্যান্সের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে জেড ক্যাটাগরিতে স্থানান্তরের সম্ভাবনা। এর আগে ২০২৪ হিসাববছরের জন্যও কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। এবার ২০২৫ হিসাববছরের জন্যও লভ্যাংশ না দেওয়ার সুপারিশ করায় পরপর দুই হিসাববছর লভ্যাংশহীন থাকছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০ মে ২০২৪ তারিখের নির্দেশনা অনুযায়ী, কোনো তালিকাভুক্ত কোম্পানি সর্বশেষ লভ্যাংশ ঘোষণার তারিখ থেকে পরপর দুই বছর কোনো লভ্যাংশ ঘোষণা না করলে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জ কোম্পানিটিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করবে।
সেই বিধান অনুযায়ী, লঙ্কাবাংলা ফাইন্যান্সের ক্ষেত্রে জেড ক্যাটাগরিতে স্থানান্তরের শর্ত পূরণ হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও শ্রেণিবিন্যাস কার্যকর হওয়ার পর আগামীকাল অথবা পরবর্তী কার্যদিবসে কোম্পানিটির শেয়ার জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০২৩ হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এরপর ২০২৪ ও ২০২৫ হিসাববছরে কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত কোম্পানিটির জন্য বড় ধরনের নেতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
এজিএম ও রেকর্ড ডেট
কোম্পানিটির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬, বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। সভার স্থান ও মাধ্যম পরবর্তী সময়ে আনুষ্ঠানিক নোটিশের মাধ্যমে জানানো হবে।
এজিএমে অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ ডিসেম্বর ২০২৬, বুধবার। ওই দিন যেসব শেয়ারহোল্ডারের নাম কোম্পানির নিবন্ধনে থাকবে, তাঁরা এজিএমে অংশগ্রহণ করতে পারবেন।
রেকর্ড ডেট উপলক্ষে ওই দিন স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
আগামীকাল কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে অর্থাৎ আগামীকাল কোম্পানিটির দাম যতখুশি বাড়তে ও কমতে পারবে।