পুঁজিবাজারের তদারকি জোরদার, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সিকিউরিটিজ বাজারকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন জাতীয় সংসদে পাস হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ২৫ মিনিটে জাতীয় সংসদে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে পুঁজিবাজারের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং কাঠামোগত উন্নয়নের জন্য গঠিত বিশেষ কমিটি সংশোধনী প্রস্তাবনা উত্থাপন করে।
সংশোধিত আইনের মাধ্যমে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কমিশনের কার্যকারিতা বাড়ানো, বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারেও এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে কাঠামোগত সংস্কারের দাবি ছিল। নতুন এই আইন সেই প্রত্যাশা পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এখন সংশোধিত আইনের কার্যকর বাস্তবায়নই হবে মূল চ্যালেঞ্জ—যার ওপর নির্ভর করবে দেশের পুঁজিবাজারের ভবিষ্যৎ গতি-প্রকৃতি।