কনফিডেন্স সিমেন্ট পিএলসির রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব গত ২৯ জুলাই বাতিল করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে কমিশনের কাছে চিঠি দেয় কোম্পানিটি। তবে আবেদন পুনর্বিবেচনা করেনি বিএসইসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
কমিশন জানিয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইটস ইস্যু) বিধিমালা, ২০০৬ অনুযায়ী বাতিল হওয়া রাইট শেয়ার ইস্যু আবেদন পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই। তাই এ আবেদন পুনর্বিবেচনা করা কমিশনের পক্ষে সম্ভব নয়।
উল্লেখ্য, পরিশোধিত মূলধন বাড়াতে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছিল কনফিডেন্স সিমেন্ট।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কনফিডেন্স সিমেন্টের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯.৬৭ টাকা , আগের হিসাব বছরে যা ছিল ৮.০৬ টাকা (পুনর্মূল্যায়িত)। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ২.৮৮ টাকা ৮৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা (পুনর্মূল্যায়িত)। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩.৪৪ টাকা।
কনফিডেন্স সিমেন্ট পিএলসি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কনফিডেন্স সিমেন্টের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮৬ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৯৩ কোটি ৬৪ লাখ টাকা। মোট শেয়ার ৮ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ৭৯০টি। এর ৩০.৩৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৬.৮০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩২.৮৬ শতাংশ শেয়ার রয়েছে।