সোনার দাম দেশের বাজারে আবারও কমেছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।
বর্তমানে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এতে জানানো হয়, একই দিন সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।
এর আগে, গত ২৩ এপ্রিলও ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। টানা এই দরপতনে দেশের সোনার বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।