শেয়ারবাজার থেকে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে দুই কোম্পানি অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে। কোম্পানিগুলো হলো ব্রেইন স্টেশন ২৩ পিএলসি ও দুয়ার সার্ভিসেস পিএলসি।
গতকাল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯১১তম কমিশন সভায় এ অনুমোদন দেয়াহয়।
ব্রেইন স্টেশন ২৩ পিএলসি
এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ব্রেইন স্টেশন ২৩ পিএলসির ৫ কোটি টাকার কিউআইও অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি কম্পিউটার ও আইটি–সামগ্রীএবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।
গত বছরের জুলাই–সেপ্টেম্বরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯২ টাকা। শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.২৮ টাকা ।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।
দুয়ার সার্ভিসেস পিএলসি
এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দুয়ার সার্ভিসেস পিএলসিকে ৫ কোটি টাকার কিউআইও অনুমোদন দেয়া হয়েছে। দুয়ার সার্ভিসেস প্রতিটি ১০ টাকা মূল্যের৫০ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করে ৫ কোটি টাকা সংগ্রহ করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি প্রডাক্ট ডেভেলপমেন্ট (দুয়ার স্কুল ম্যানেজমেন্টসফটওয়্যার, ডি–কুরিয়ার, কল সেন্টার ও ট্র্যাকিং সিস্টেম ও এআই সফটওয়্যার), ক্লাউড কম্পিউটিং ও আনুষঙ্গিক খরচসহ ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।
৩০ জুন সমাপ্ত ২০২৩, অর্থবছর শেষে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪.৮৬ টাকা। শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৮৫ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।