বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড আইসিবি ইউনিট ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের বিপরীতে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।আলোচ্য বছরের জন্য কোম্পানিটি ইউনিটহোল্ডারদের ইউনিটপ্রতি ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আইসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ফান্ড পর্ষদ সভায় লভ্যাংশ ঘোষণার পাশাপাশি সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
তথ্য অনুসারে, আইসিবি ইউনিট ফান্ডের সার্টিফিকেটের পুনঃক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে, যার পরিমাণ ২৭১ টাকা। এই মূল্য আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর। এর আগে ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ফান্ডটি ইউনিটহোল্ডারদের ৩৪.৯০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
আইসিবি ইউনিট ফান্ড দেশের প্রথম বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড। এ স্কিমটি ১৯৮১ সালের এপ্রিলে চালু হয়েছিল, যার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি সঞ্চয়কারীরা তাদের সঞ্চয় ভারসাম্যপূর্ণ এবং তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ পোর্টফোলিওতে বিনিয়োগের সুযোগ পান। এখন পর্যন্ত প্রতি বছর ইউনিটগুলোয় আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২১-২২ অর্থবছরে এ ফান্ড ইউনিটপ্রতি ৪২ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। ইউনিট ফান্ডে বিনিয়োগকারীরা আইন অনুযায়ী প্রযোজ্য করের সুবিধা ভোগ করে।