দেশে সবল ব্যাংকের সাথে দুর্বল ব্যাংক একীভূত হওয়ার খবরের পরে, এইবার বিদেশি ব্যাংক কিনে নেয়ার ঘটনা ঘটতে যাচ্ছে দেশে।পাকিস্তান ভিত্তিক ব্যাংক আলফালাহর বাংলাদেশের কার্যক্রম কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া পিএলসি (BANKASIA)। এর আগে এ বিষয়ে ব্যাংক আলফালাহর কাছে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশি ব্যাংকটি।
আজ বুধবার (১৭ই এপ্রিল) পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ও দেশটির একাধিক গণমাধ্যমের সূত্রে এ তথ্য জানা গেছে, ব্যাংক আলফালাহর বাংলাদেশের কার্যক্রম, সম্পদ ও দায় ব্যাংক এশিয়ার অধিগ্রহণের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
উল্লেখ্য, ১৯৯৯ সালে যাত্রা শুরুর পর থেকে এই নিয়ে তৃতীয় বারের মতো কোনো বিদেশি ব্যাংকের বাংলাদেশে থাকা কার্যক্রম কেনার পদক্ষেপ নিয়েছে ব্যাংক এশিয়া পিএলসি।
এর আগে কানাডাভিত্তিক নোভা স্কোটিয়া ও পাকিস্তানের আরেক ব্যাংক মুসলিম কমার্শিয়াল ব্যাংকের বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করেছিল ব্যাংক এশিয়া পিএলসি।
ব্যাংক আলফালাহর বাংলাদেশের কার্যক্রম কিনে নেয়া প্রসঙ্গে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোহেল আরকে হুসেইন গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছেনা। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হলে পরে জানানো হবে।