দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৩১ মে) থেকে মূল্যবান এই দুই ধাতু বিক্রি হচ্ছে বর্ধিত দামে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুসের ২৫ মে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হওয়া সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা এবং প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা বৃদ্ধি করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে গত ২৩ মে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সে সময় প্রতি ভরি ২ হাজার ১৫৮ টাকা হ্রাস করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও সেই পরিমাণ মূল্য বৃদ্ধি করা হলো।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে।
বাজুস জানিয়েছে, বাজার পরিস্থিতি বিবেচনায় এ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ দর কার্যকর থাকবে।
তবে নির্ধারিত স্বর্ণ ও রুপার মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। এছাড়া গয়নার নকশা, কারুকাজ ও মানভেদে মজুরির পরিমাণ আরও বেশি হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।