ক্রিকেটে বাংলাদেশের সেরা বছর হতে যাচ্ছে ২০২৩। জাতীয় দল ক্রিকেটে ছেলেদের একের পর এক ব্যর্থতা উপহার দিয়েছে, কিন্তু মেয়েরা দিচ্ছেন দারুণ সব উপহার। গতকাল বিজয় দিবসে দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানে হারিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ওয়ানডে জয়ের পর বিশেষ এই জয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদদের উৎসর্গ করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
গতকাল টস হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ম্যাচ শেষে টস হারাকে শাপেবর মেনেছেন অধিনায়ক, ‘টস হেরে যাওয়াতে শেষ পর্যন্ত ভালোই হয়েছে। টস জিতলে আমিও আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতাম।’
তিনে নামা মুর্শিদা খাতুনের অপরাজিত ৯১ রানের ইনিংসে ভর করে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের এই রেকর্ড গড়ে বাংলাদেশ। মুর্শিদার এই ইনিংসটাও জায়গা করে নিয়েছে রেকর্ডের পাতায়। বিদেশের মাটিতে এটিই যে কোনো বাংলাদেশি নারীর ব্যক্তিগত সর্বোচ্চ! তিনে নামা কোনো ব্যাটারেরও সেরা ইনিংস এটি। আর সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ।
গত জুলাইয়ে ভারতের বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয় ও ওয়ানডেতে বাংলাদেশের প্রথম জয়ের দেখা মিলেছিল। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ টাই করেছেন নিগাররা। ছেলেদের বিশ্বকাপ চলার সময় পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জয়।
দক্ষিণ আফ্রিকার মাটিতে এমন ছন্দ ধরে রাখতে পারা যাবে কিনা, এ নিয়ে সন্দেহ ছিল। কিন্তু সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে বাংলাদেশের মেয়েরা বুঝিয়ে দিয়েছেন এ বছরটা মনে রাখতে বাধ্য করবেন তাঁরা। কাল প্রথম ওয়ানডে যেমন মনে রাখতে হবে নানা রেকর্ডে।
ভারতের বিপক্ষে বাংলাদেশের নারী ক্রিকেটকে প্রথম ওয়ানডে সেঞ্চুরির স্বাদ দিয়েছিলেন ফারজানা হক। গতকাল আরেকজন সঙ্গী প্রায় পেয়েই গিয়েছিলেন। শেষদিকে নিয়মিত স্ট্রাইক না পাওয়ায় ৯১ রানে অপরাজিত থাকতে হয় তাঁকে।
শুরুটা অবশ্য করে দিয়েছিলেন ফারজানা ও শামীমা সুলতানা। দুজনের ওপেনিং জুটি ৬৬ রান এনে দেয়। শামীমা (৩৪) ফিরে গেলেও মুর্শিদার সঙ্গে ৪৪ রানের জুটি গড়েন ফারজানা। ৭৬ বলে মাত্র ৩৫ রান করলেও একদিকে ফারজানা টিকে থাকায়, ভালো শুরু পাওয়া নিশ্চিত হয় বাংলাদেশের।
ফারজানা ফিরলে মুর্শিদা আরও দুটি জুটি গড়েছেন। নিগার (৩৮) ও স্বর্ণা আক্তারের (২৭*) সঙ্গে ৮০ ও ৬০ রানের আরও দুটি জুটি গড়েন। ১০০ বলে ১২ চারে ৯১ রান করেছেন মুর্শিদা। প্রতিপক্ষের মাঠে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর এটি। সবমিলিয়েই দ্বিতীয় সর্বোচ্চ। তাঁর ৯১ রানের মধ্যে ৪৮ রানই এসেছে বাউন্ডারি থেকে, যা এক ম্যাচে কোনো বাংলাদেশি নারী ব্যাটারের বাউন্ডারি থেকে আসা সর্বোচ্চ রান।
রান তাড়া করতে নেমে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। দলীয় ৯ রানে অধিনায়ক লরা ভলভার্ট ফেরেন,কোনো রান যোগ হওয়ার আগেই তাঁর সঙ্গীও বিদায় নেন। ৫০ রানে তৃতীয় উইকেটের পতন, ১৩তম ওভারের খেলা চলছে তখন। পরের পঞ্চাশ পেরোতে ১০৫ বল দরকার হয়েছে প্রোটিয়াদের। ততক্ষণে আরও ৫ উইকেট নেই স্বাগতিকদের। অভিষিক্ত এলিজ-মারি মার্কসের ৩৫ রান প্রোটিয়াদের ১৩১ রানে পৌঁছে দিয়েছে।
বিজয় দিবসের রাতের এই জয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদদের উৎসর্গ করেছেন নিগার, ‘আজ (কাল ছিল) আমাদের বিজয় দিবস। তাই আমি এই জয়টা মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করতে চাই।’ আগামী ২০ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ নারী দল: ৫০ ওভারে ২৫০/৩ (মুর্শিদা ৯১*, নিগার ৩৮, ফারজানা ৩৫; এমলাবা ১/৩৭, টাকার ১/৪৩, মার্কস ১/৪৩)
দক্ষিণ আফ্রিকা নারী দল: ৩৬.৩ ওভারে ১৩১ (মার্কস ৩৫, লুস ৩১, বোশ ১৬; নাহিদা ৩/৩৩, ফাহিমা ২/১৬, রাবেয়া ২/২৪, সুলতানা ২/৩২)
ফল: বাংলাদেশ নারী দল ১১৯ রানে জয়ী।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।