তোমাকে দেখি না বহুদিন
বহু কাল তোমাকে দেখা হয় না
অবচেতন মনের মাঝে অথবা চোখের কোণে,
দূরের বা কাছের কোনো গ্রহে না
আলোক বর্ষ দূরেও না।
এক কোটি বছর না হলেও
কয়েক মিলিয়ন ঘণ্টা পাড় হয়ে গেছে হয়তো তোমাকে না দেখে।
না দেখাটা এখন অভ্যাস হয়ে গেছে
এক সময় তোমাকে না দেখা ছিল আমার কবিতা লেখার মত,
ইচ্ছা হলেই পকেট থেকে কলম বের করে দু লাইন লিখতাম
আবার পকেটে রেখে দিতাম ।
কদম গাছটা বুড়ো হয়েছে
কমে গেছে বকুলের ঘ্রাণ,
হাসনাহেনা নিরবে কাঁদে প্রতি রাতে
কাঠ গোলাপ ছিঁড়েছে মায়ার বাঁধন ।
কত দিন এক সাথে বৃষ্টিতে ভেজা হয় না
তোমার ভেজা গায়ের ঘ্রাণ অনুভব করি না বহু কাল,
লেক পাড়ের ভেজা বেঞ্চে বসে কাপা হাতে চায়ে চুমুক দেওয়া হয়না আর।
মাঝে মাঝে ঝড় ওঠে বুকের গহীনে
দুরন্ত বাতাসে আর বিদ্যুতের ঝলকানিতে সে ঝড় দুমড়ে মুচড়ে ফেলে আমাকে,
তোমার অপেক্ষায় থাকতে থাকতে এখন আমার শহরে বৃষ্টি হয় না,
প্রখর খরায় শুকিয়ে গেছে হৃদয়ের জমিন
তোমাকে না দেখে বেচেঁ আছি অনুভূতি বিহীন।