অর্থ লিপি

২৩ নভেম্বর ২০২৬ সোমবার ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য সম্প্রসারণে সমঝোতা স্মারক সই বাংলাদেশ ও রাশিয়ার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

দুই দেশের ব্যাবসায়িক সম্পর্ক সম্প্রসারণ এবং বিদ্যমান বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ৫ নভেম্বর ঢাকায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়। বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ২০০ কোটি মার্কিন ডলার।

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, দুই দেশের নিজ নিজ সক্ষমতা, সম্পদ ও অভিজ্ঞতাকে কাজে লাগানো গেলে পারস্পরিক স্বার্থে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে। এ লক্ষ্য অর্জনে বিদ্যমান নিয়ন্ত্রক কাঠামো ও সরবরাহ ব্যবস্থাসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকের সাইডলাইনে এ সমঝোতা স্মারক সই হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সরকারিভাবে কাজ করে এ কমিশন।

ঢাকায় সফররত রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাশিয়ার ফেডারেল এজেন্সি ফর ফিশারিজের প্রধান ইলিয়া শেস্তাকভ। তিনি বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর অর্থ পরিশোধব্যবস্থা গড়ে তোলা জরুরি।
বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতার মুখে থাকায় বিকল্প লেনদেন অবকাঠামো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি আরো বলেন, জ্বালানি তেল ও গ্যাস সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশ ও রাশিয়ার সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্রমবর্ধমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা পূরণে সহায়তা এবং দেশের তেল-গ্যাসক্ষেত্র উন্নয়নে বিভিন্ন প্রকল্পে অংশ নিতে রাশিয়া প্রস্তুত।

এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হকও দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরেন। তবে এ সম্ভাবনা বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো যৌথভাবে চিহ্নিত করে সমাধানের ওপর গুরুত্ব দেন তিনি।

বর্তমানে বাংলাদেশ থেকে রাশিয়ায় তৈরি পোশাকের পাশাপাশি পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, ওষুধ, টুপি, আসবাবপত্র ও খাদ্যপণ্য রপ্তানি করা হয়। অন্যদিকে রাশিয়া থেকে বাংলাদেশে গম, সার, কৃষিপণ্য, শিল্পকারখানার যন্ত্রপাতি ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম আমদানি করা হয়।

এদিকে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়া আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে। প্রায় ১ হাজার ২৬৫ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এ প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চলতি নভেম্বর মাসের শেষ দিকে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।