চলছে ভাদ্র মাস। কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন। এই গরমের মাঝেই বৃষ্টি নেমে এলো ঢাকায়। গরমে ওষ্ঠাগত প্রাণে লাগল প্রশান্তির ছোঁয়া।
আজ বৃহস্পতিবার (৩১শে আগস্ট) সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। ১০টার দিকে সেই মেঘ বৃষ্টি হয়ে নেমে আসে রাজধানীর বারিধারা, মিরপুর, পান্থপথ, বাংলামোটর এলাকায়। এতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে জনজীবনে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা জেলাসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে গতকাল বুধবার (৩০শে আগস্ট) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় ভোলায়, ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি।
একই সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুমিল্লায় ৫১ মিলিমিটার। এ সময় ঢাকায় কোনো বৃষ্টি হয়নি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।