বাজেট ঘোষণার পর প্রথম কার্যদিবসের মতো আজ সোমবার ,১০ জুন,২০২৪ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বড় দরপতন হয়েছে। জানা গেছে আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের কারণে নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে।গতকাল ও আজ মিলে ২ দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৩১ পয়েন্ট ।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমে তিন বছর আগের অবস্থানে নেমে এসেছে। সূচকের পাশাপাশি আজ ৮৭ শতাংশ সিকিউরিটিজের দাম কমেছে। কমেছে লেনদেনও।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেন শুরুর পর থেকে সূচক নিম্নমুখী ছিল।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচক আরো নিম্নমুখী হতে থাকে, যা লেনদেন শেষ হওয়া পর্যন্ত বজায় ছিল। আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১০৫.৮৮ পয়েন্টে। এর আগে ২০২১ সালের ৫ এপ্রিল ডিএসইর প্রধান সূচক সর্বনিম্ন কমে দাঁড়িয়েছিল ৫১৭৭ পয়েন্টে। এছাড়া ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ আজ দিন শেষে ২৩.৬৬ পয়েন্ট কমে ১৮১১.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে ছিল ১৮৩৫.৪৫ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস দিন শেষে ১৭.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১০৩.৬৬ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ১১২০.৮২ পয়েন্টে।
উল্লেখ্য প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজার নিয়ে কোনো ইতিবাচক ঘোষণা না থাকায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট বেড়েছে। যার বিরূপ প্রভাব পড়া শুরু হয়েছে।মূলধনি মুনাফার ওপর করারোপ, তালিকাভুক্ত কোম্পানির অপরিবর্তিত করের পাশাপাশি কোনো প্রণোদনামূলক ব্যবস্থা ঘোষণা না করার প্রভাব পড়েছে পুঁজিবাজারে।
আজ সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আল আরফা ইসলামি ব্যাংক,, বিএটিবিসি ও রেনাটা শেয়ারের।
ডিএসইতে আজ ৩১৮.৭৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে৩৫৭.৯০ কোটি টাকা।গতদিনের চেয়ে লেনদেন কমেছে ৩৯.১২ কোটি টাকার । ডিএসইতে মোট ৩৯১ টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে মাত্র ২৬ টি কোম্পানির, কমেছে ৩৪২ কোম্পানির দর কমেছে। আর অপরিবর্তিত ছিল ২৩ টি সিকিউরিটিজের বাজারদর।
ডিএসইতে আজ প্রায় সব খাতের শেয়ারে নেতিবাচক অবস্থায় ছিল।
অপরদিকে দেশের আরেক শেয়ারবাজারের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আজ ১৬২.৩৬ পয়েন্ট কমে ১৪৬৭৮.১১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৪৮৪০.৪৮ পয়েন্টে।

আজ এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২ টির, কমেছে ১৬৭ টির আর অপরিবর্তিত ছিল ২৫ টির বাজারদর। আজ সিএসইতে ২৩.৫৪ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১০৭.৮২ কোটি টাকা।