যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিয়েছেন। তবে যুদ্ধবিরতি নিয়ে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।
গতকাল শনিবার নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে বাইডেন গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের বিষয়ে জোর দেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে।
গাজায় নিরাপদে ও অবাধে মানবিক সহায়তা নিশ্চিতের দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের এক দিন পর নেতানিয়াহু ও বাইডেনের মধ্যে আলাপ হলো। তবে পাস হওয়া ওই প্রস্তাবে ইসরায়েল ও হামাস যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়নি।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ‘মানবিক সহায়তা কার্যক্রমে সহায়তাকারী ব্যক্তিরাসহ বেসামরিক জনগণকে সুরক্ষা এবং চলমান লড়াইয়ের মধ্যে বেসামরিকদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদে সরিয়ে নেওয়ার গুরুত্বের ওপর তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।’
এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশে বাইডেন বলেন, নেতানিয়াহুর সঙ্গে তাঁর ‘দীর্ঘ আলাপ’ হয়েছে। একে তিনি ‘একান্ত আলাপচারিতা’ বলে উল্লেখ করেন।
এ সময় এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমি যুদ্ধবিরতির জন্য কোনো আহ্বান জানাইনি।’
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, অন্য জিম্মিদের মুক্তি নিশ্চিত করার ব্যাপারে গুরুত্বারোপসহ ইসরায়েলের সামরিক অভিযানের ‘লক্ষ্য ও পর্যায়ক্রমগুলো’ নিয়ে দুই নেতা আলোচনা করেছেন।
জাতিসংঘের হিসাব অনুসারে, গাজার ২৪ লাখ বাসিন্দার মধ্যে ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।