ব্যবসার আইডিয়া মাথায় ঘুরতে থাকে। নতুন নতুন পরিকল্পনা, স্বপ্ন আর সম্ভাবনার চিন্তায় অনেক উদ্যোক্তার রাতের ঘুম হারাম হয়ে যায়। নিজের কাছে প্রতিটি নতুন ধারণাই মনে হয় অসাধারণ ও সম্পূর্ণ ইউনিক।
কিন্তু যখন প্রয়োজন হয় মূলধনের, তখন অনেকের ভাবনায় আসে, আইডিয়াটি কোনোভাবে বাস্তবায়ন করতে পারলে হয়তো বিনিয়োগকারীরা নিজেরাই অর্থ নিয়ে এগিয়ে আসবেন।
এরপরই শুরু হয় আরেক ধরনের ভয়। আইডিয়া কারও সঙ্গে শেয়ার করা যাবে না। কারণ, অন্য কেউ আইডিয়াটি জেনে গেলে সেটি নিজের মতো করে বাস্তবায়ন করে ফেলতে পারে। আবার কোম্পানি গঠন করলেও এমন কিছু শর্ত রাখতে হবে, যাতে চূড়ান্ত সিদ্ধান্তের নিয়ন্ত্রণ উদ্যোক্তার হাতেই থাকে।
বাস্তব ব্যবসার জগতে এখানেই শুরু হতে পারে উদ্যোক্তা ও বিনিয়োগকারীর স্বার্থের সংঘাত।
শুধু আইডিয়া দিয়ে ব্যবসা টেকসই হয় না
একটি ভালো আইডিয়া অবশ্যই ব্যবসার গুরুত্বপূর্ণ ভিত্তি। কিন্তু শুধু আইডিয়া থাকলেই একটি সফল ব্যবসা গড়ে ওঠে না। প্রয়োজন দক্ষ নেতৃত্ব, কার্যকর টিম, পর্যাপ্ত মূলধন, সঠিক বাস্তবায়ন পরিকল্পনা, বাজার সম্পর্কে ধারণা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে জবাবদিহিতা।
একজন উদ্যোক্তা যদি মনে করেন, আইডিয়াটি তার, তাই ব্যবসার সব সিদ্ধান্তও এককভাবে তারই থাকবে, অথচ ব্যবসার মূলধনের বড় অংশ এসেছে বিনিয়োগকারীদের কাছ থেকে, তাহলে সেখানে স্বচ্ছতা ও আস্থার প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক।
বিনিয়োগকারীর অর্থ যেমন ঝুঁকির মধ্যে থাকে, উদ্যোক্তার সময়, শ্রম, দক্ষতা ও ব্যবসায়িক ঝুঁকিও বাস্তব। তাই একটি কার্যকর ব্যবসায়িক কাঠামোতে উভয় পক্ষের অধিকার, দায়িত্ব ও স্বার্থের মধ্যে ভারসাম্য থাকা জরুরি।
সাফল্যের সময় সবাই পাশে, ব্যর্থ হলে দায় কার?
ব্যবসা সফল হলে উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট সবাই লাভবান হন। কিন্তু ব্যবসা প্রত্যাশা অনুযায়ী না চললে পরিস্থিতি ভিন্ন হয়ে যায়।
এমন পরিস্থিতিতে শুধু ‘ব্যবসায় লাভ-লস থাকেই’ বলে দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা বিনিয়োগকারীর আস্থা নষ্ট করতে পারে। একজন বিনিয়োগকারী ঝুঁকি নিয়েছেন বলেই তার অর্থের ব্যবস্থাপনা, সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবসার ফলাফল সম্পর্কে প্রশ্ন করার অধিকার থাকবে না, এমনটি হতে পারে না।
বরং ব্যবসায় ক্ষতি হলে কী কারণে ক্ষতি হলো, কোথায় ভুল হয়েছে, ভবিষ্যতে কীভাবে ঝুঁকি কমানো হবে এবং বিনিয়োগকারীর স্বার্থ রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হবে, এসব বিষয়ে স্পষ্ট জবাবদিহিতা থাকা প্রয়োজন।
বিনিয়োগকারীর আস্থাই ব্যবসার অন্যতম ভিত্তি
একটি ব্যবসায় বিনিয়োগকারী শুধু অর্থ দেন না। অনেক ক্ষেত্রে তিনি নিজের সঞ্চয়, দীর্ঘদিনের পরিশ্রমের অর্থ এবং ভবিষ্যতের আর্থিক পরিকল্পনার একটি অংশ ঝুঁকির মধ্যে রাখেন।
তাই বিনিয়োগকারীর সঙ্গে সম্পর্ক শুধু অর্থ নেওয়া ও দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে দীর্ঘমেয়াদে ব্যবসার জন্য তা ইতিবাচক নাও হতে পারে।
স্বচ্ছ হিসাব, নিয়মিত তথ্য প্রদান, সিদ্ধান্ত গ্রহণে যৌক্তিকতা এবং বিনিয়োগকারীর অধিকার রক্ষার ব্যবস্থা একটি সুস্থ ব্যবসায়িক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ।
তাহলে কি ব্যবসায় বিনিয়োগের পথ বন্ধ?
অবশ্যই নয়।
ব্যবসার মাধ্যমেই বড় ধরনের আর্থিক সম্ভাবনা তৈরি হতে পারে। নতুন উদ্যোগ, উদ্ভাবন এবং দক্ষ উদ্যোক্তারা কর্মসংস্থান ও সম্পদ তৈরির পাশাপাশি বিনিয়োগকারীদের জন্যও নতুন সুযোগ সৃষ্টি করতে পারেন।
তবে সেই সুযোগকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক নেতৃত্ব, দক্ষ টিম এবং বিনিয়োগবান্ধব ব্যবসায়িক সংস্কৃতি।
যেখানে থাকতে পারে:
- বহুমাত্রিক বিনিয়োগ পোর্টফোলিও ও আয়ের বিভিন্ন সুযোগ;
- উদ্যোক্তা ও টিমের দক্ষতা কাজে লাগানোর উপযুক্ত পরিবেশ;
- সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ;
- আইডিয়া শেয়ার করার নিরাপদ ও উন্মুক্ত সংস্কৃতি;
- পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে নিজস্ব সম্পদ গড়ে তোলার সুযোগ;
- বিনিয়োগকারীর অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা;
- মালিকানা ও অধিকার সংক্রান্ত বিষয়গুলো স্পষ্টভাবে নির্ধারণের ব্যবস্থা;
- এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে মালিকানা ও অধিকার হস্তান্তরের সুস্পষ্ট কাঠামো।
উদ্যোক্তা ও বিনিয়োগকারীর সম্পর্ক হওয়া উচিত অংশীদারিত্বের
একজন উদ্যোক্তার আইডিয়া যেমন মূল্যবান, তেমনি বিনিয়োগকারীর মূলধনও ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। এর সঙ্গে যুক্ত হয় কর্মীদের শ্রম, ব্যবস্থাপনার দক্ষতা এবং বাজারের বাস্তবতা।
তাই ব্যবসাকে শুধু একজন উদ্যোক্তার ব্যক্তিগত সাম্রাজ্য হিসেবে না দেখে অংশীদারিত্বের একটি কাঠামো হিসেবে দেখার প্রয়োজন রয়েছে।
যেখানে উদ্যোক্তা তার মেধা ও নেতৃত্ব দিয়ে ব্যবসাকে এগিয়ে নেবেন, বিনিয়োগকারী তার মূলধনের যথাযথ ব্যবহারের নিশ্চয়তা পাবেন এবং পুরো ব্যবস্থাটি পরিচালিত হবে স্বচ্ছতা, আস্থা ও জবাবদিহিতার ভিত্তিতে।
কারণ একটি ব্যবসা শুধু একটি আইডিয়া দিয়ে শুরু হতে পারে, কিন্তু দীর্ঘদিন টিকে থাকতে হলে প্রয়োজন মানুষের আস্থা।
আর সেই আস্থা একবার নষ্ট হলে শুধু নতুন আইডিয়া দিয়ে তা ফিরিয়ে আনা কঠিন।
লেখক: মোঃ শরীফুল আমীন রাসেল
এডভাইজর, এমআরপি কনসালটেন্টস বিডি