বাংলাদেশ জাতীয় দলের বড় দুই তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দীর্ঘদিনের বন্ধুত্ব এখন দুই বিপরীত মেরুতে দাড়িয়েছে। দুজনের ক্রিকেটিং ক্যারিয়ার এখন শেষে বেলায়। শেষ সময়ে এসেও বিসিবির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই দুজন।
তামিম ইকবাল অনেকটা অভিমানের সুরেই অবসর নিয়েছিলেন গত বছরের ৬ই জুলাই, এরপর ফিরেও এসেছেন প্রধানমন্ত্রী হস্তক্ষেপে। তবে নানা নাটকীয়তায় বিশ্বকাপ খেলতে পারেননি। এরপরেই জানিয়েছিলেন, নিজের ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত জানাবেন বিপিএলের পর। এনিয়ে বৈঠকও করেছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের সঙ্গে।
অন্যদিকে সাকিব আল হাসান বর্তমানে তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক। তবে তিনি সেই পদ থেকে সরে আসতে চান। বিশ্বকাপের আগেই তা নিশ্চিত করে গিয়েছিলেন। দুই ক্রিকেটারের ব্যাপারেই আজ আসতে পারে সিদ্ধান্ত। আজ সোমবার (১২ই ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলার বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালকদের বহুল কাঙ্ক্ষিত বোর্ড মিটিং। দুপুর ২টা নাগাদ শুরু হবার কথা এই বোর্ড মিটিং এর।
সাকিব আল হাসান এবং তামিম ইকবাল ছাড়াও এদিন ভাগ্য নির্ধারণ হতে পারে আরও একজনের। তিনি মিনহাজুল আবেদীন নান্নু। এক সময়ের দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা এখন আছেন বিতর্কিত নির্বাচকের ভূমিকায়। এই সভার পরেই জানা যাবে নির্বাচক হিসেবে ইতি ঘটবে নাকি থেকে যাবেন মিনহাজুল আবেদীন নান্নুর প্যানেল।
এরই মাঝে সেই আভাসও দিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি সুজন। পরিচালক বোর্ডের বৈঠকের আগে তিনি বলছিলেন, ‘এটা আমাদের এজেন্ডায় রাখা আছে। বোর্ডে আলোচনার পর যদি বলার মতো কিছু থাকে তখন আপনারা জানতে পারবেন। আমাদের সিলেক্টরদের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। এরপর তো মেয়াদ আরও বাড়ানো হয়েছিল। বোর্ডে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।’
বিসিবির অন্য যে কোনো সভার চেয়ে এবারের সভা কিছুটা বাড়তি গুরুত্ব পাচ্ছে। কেননা বোর্ড সভায় আলোচনার জন্য ঝুলে আছে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু। যেমন নির্বাচক প্যানেল, বিশ্বকাপ তদন্ত রিপোর্ট, সাকিব আল হাসানের অধিনায়কত্ব, নতুন কোচ নিয়োগ। এ ছাড়া তামিম ইকবালের জাতীয় দলে ফেরা কিংবা না ফেরার সিদ্ধান্তও হতে পারে এই সভা থেকেই। ক্রিকেটারদের চুক্তির বিষয়টিও থাকবে এই সভায়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।