স্বাধীনতার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ক্রয় করা ছিল ইস্টার্ন ব্যাংকিং করপোরেশনের ৪০টি শেয়ার। ব্যাংকটি ১৯৬৫ সালের ২৮শে জানুয়ারি “ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন” নামে প্রতিষ্ঠা লাভ করে। ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন শাখা ছিল ৪টি এবং বাংলাদেশের স্বাধীনতার পূর্ব পর্যন্ত ব্যাংকটির শাখার সংখ্যা দাঁড়ায় ৬০টি। ১৯৭১ সালে অসহযোগ আন্দোলনের সময় ব্যাংকটি পূর্ব বাংলার কোষাগারের দায়িত্ব পালন করে।
১৯৭১ সালের স্বাধীনতার পর বাংলাদেশ ব্যাংকস (ন্যাশনালাইজেশন) অধ্যাদেশ ১৯৭২-এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সরকার ১৯৭২ সালে ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশনকে অন্যান্য ব্যাংকের ন্যায় জাতীয়করণ করে এবং উত্তরা ব্যাংক নাম দিয়ে এর ৯৫% মালিকানা গ্রহণ করে। এ সময়ে বাংলাদেশে ব্যাংকটির মোট ১৮২টি শাখা ছিল। ১৯৮৩ সালের ১৫ই সেপ্টেম্বর ব্যাংকটিকে একটি লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয় এবং বেসরকারি খাতের শেয়ারহোল্ডারদের নিকট শেয়ার মালিকানা হস্তান্তর করা হয়।
৩১শে ডিসেম্বর ২০০০ সালে উত্তরা ব্যাংক লিমিটেড-এর অনুমোদিত মূলধন ২০০ মিলিয়ন টাকায় বৃদ্ধি করা হয় এবং তা প্রতিটি ১০০ টাকা মূল্যের ২ মিলিয়ন সাধারণ শেয়ারে বিভক্ত ছিল। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এমডি এবং ১২ জন পরিচালক সমন্বয়ে ব্যাংক পরিচালনা পর্ষদ কর্তক ব্যাংকটি পরিচালিত হয়। বর্তমানে এটি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত। প্রতিষ্ঠানটি বর্তমানে উত্তরা ব্যাংক পিএলসি নামে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে থাকা ৪০টি শেয়ার লভ্যাংশসহ বর্তমান সংখ্যায় তাঁর আইনগত উত্তরাধিকারী দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার অনুকূলে হস্তান্তর করা হয়েছে। উত্তরা ব্যাংকের পক্ষে এ শেয়ার হস্তান্তর করেন ব্যাংকটির চেয়ারম্যান আজহারুল ইসলাম। উত্তরা ব্যাংক পিএলসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উত্তরা ব্যাংক পিএলসি জানিয়েছে, এই শেয়ার হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করতে পেরে ব্যাংকটি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার অনুকূলে শেয়ার হস্তান্তরকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল হোসেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা উত্তরা ব্যাংক পিএলসির শেয়ার গ্রহণের জন্যে বিও একাউন্ট খুলেন, যার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ শেয়ার মার্কেটের সাথে যুক্ত হলেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।