দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের শেয়ার পুঁজিবাজারে আসলেই পরিবর্তন সম্ভব নয়। এটি অস্থায়ী সমাধান। বিএনপি ক্ষমতায় গেলে ক্যাপিটাল মার্কেটে আস্থা ফেরাতে কাজ করবে।
সোমবার (১৪ জুলাই) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথভাবে ‘ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন ও বাস্তবতা’ শিরোনামে ইআরএফ মিলনায়তনে আয়োজিত ওয়ার্কশপে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘বাংলাদেশ ব্যাংক মাত্র চার বিলিয়ন ডলারের জন্য আইএমএফের পেছনে দৌড়ায়। ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন, আস্থা ফিরলে এর প্রয়োজন হবে না। ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন প্রয়োজন সরকারের প্রয়োজনেই। যদিও এখন পর্যন্ত আমাদের দেশে এ ধারণা গড়েই উঠেনি। একইসঙ্গে ক্যাপিটাল মার্কেট পুনর্গঠনে অন্য অর্থনৈতিক খাতের সঙ্গে সমন্বয় গড়ে তুলতে হবে।’