দেশের প্রধান বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বিতর্কিত পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজই এ সংক্রান্ত নির্দেশনা জারি হতে পারে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
ব্যাংকিং খাতের সংস্কারের অংশ হিসেবেই ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হচ্ছে। সাইফুল আলম মাসুদের এস আলম গ্রুপ ২০১৭ সালে ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর এই ব্যাংক ৭০ হাজার কোটি টাকার বেশি সরিয়ে নিয়েছে। আর কোনো টাকা যাতে সরাতে না পারে সে লক্ষ্যে পর্ষদ ভেঙ্গে দেওয়া হচ্ছে।
২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেওয়ার পর থেকে নামে-বেনামে ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। ব্যাংকটির শেয়ারের ৮২ শতাংশের মালিকানা রয়েছে এস আলমের হাতে।
এর আগে গত সোমবার (১৯ আগস্ট) এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ছয় ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি খোলা স্থগিত রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। বেনামি ঋণ ও অর্থপাচার ঠেকাতে এমন উদ্যোগ নেওয়া হয়।ছয়টি ব্যাংক হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।
উল্লেখ্য, এর আগে এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি।