দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের (BHL) গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতি ১০ হাজার টাকার আবেদনের অনূকূলে ৮৭ টি শেয়ার পাচ্ছেন নিবাসী বাংলাদেশীরা (আবাসিক), অন্যদিকে অনিবাসী বাংলাদেশীরা (প্রবাসী) পাবেন ১০১ টি, সর্বোচ্চ ১৫ লাখ টাকার আবেদনকারীরা পাবেন ১৩,০৫৬ টি শেয়ার।
বেস্ট হোল্ডিংস লিমিটেড কোম্পানিটির আইপিওতে নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি আবেদন জমা পড়ায় প্রডাটা ভিত্তিক তথা আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেয়া হয়।

বেস্ট হোল্ডিংস কোম্পানির পরিচয়
বেস্ট হোল্ডিংস মূলত পরিচিত পাঁচ তারকা হোটেল লে মেরিডিয়ান ঢাকার স্বত্বাধিকারী হিসেবে। তবে এ কোম্পানির মালিকানায় আরও কয়েকটি প্রকল্পের বাস্তবায়ন কাজ চলছে। এগুলো হচ্ছে-এলএম রেসিডেন্স বসুন্ধরা, ম্যারিয়ট ভালুকা, ম্যারিয়ট কমার্শিয়াল কমপ্লেক্স, লাক্সারি কালেকশন ভালুকা, লাক্সারি ভিলা ভালুকা এবং ধামশুর ইকোনোমিক জোন।
এর বাইরে কৃষি খাতেও বিনিয়োগ রয়েছে কোম্পানিটির। কোম্পানিটি নোয়াখালী ও ভালুকায় পোল্ট্রি, ডেইরি, ফিশারিজ, লাইভস্টক খামার পরিচালনা করছে।
বেস্ট হোল্ডিংসের দুটি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে এগুলো হচ্ছে- আইকনএক্স হোটেলস লিমিটেড ও ধামশুর ইকোনমিক জোন লিমিটেড। দুটি কোম্পানিরই ৫১ শতাংশ করে শেয়ার ধারণ করছে বেস্ট হোল্ডিংস।
প্রসপেক্টাস অনুসারে আইপিওর মাধ্যমে সংগ্রহ করা অর্থের মধ্যে লাক্সারি কালেকশনের বিল্ডিং ও ভৌত অবকাঠামো নির্মাণে ১৭৬ কোটি ৯ লাখ টাকা, লাক্সারি কালেকশনের মেশিনারিজ ও যন্ত্রপাতি কেনায় ৪৫ কোটি টাকা, ঋণ পরিশোধে ১১৫ কোটি ৬০ লাখ টাকা এবং আইপিওর ব্যয় নির্বাহে ১৩ কোটি ৩০ লাখ টাকা ব্যবহার করা হবে।
বেস্ট হোল্ডিংস লিমিটেডের যাত্রা শুরু হয় ২০০৬ সালে। কোম্পানিটি ২০০৯ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। লে মেরিডিয়ান হোটেল দিয়ে কোম্পানিটির ব্যবসা শুরু হয়। পরবর্তীতে অন্যান্য প্রকল্প খাতে ব্যবসা সম্প্রসারিত হয়েছে।
আইপিওর প্রসপেক্টাস অনুসারে, সর্বশেষ অর্থ বছরে (২০২২-২৩) বেস্ট হোল্ডিংস লিমিটেড ১১৪ কোটি ৪৩ লাখ টাকা নিট মুনাফা করেছে। কোম্পানিতে রিটেইন্ড আর্নিংস বা অবণ্টিত মুনাফা আছে ৪১৮ কোটি ৪৬ লাখ টাকা। সর্বশেষ ২০২২-২০২৩ অর্থবছরে কোম্পানিটির ডাইলুটেড ইপিএস ছিল ১ টাকা ২৪ পয়সা। আগের বছর অর্থাৎ ২০২১-২০২২ অর্থবছরে ছিল ১ টাকা ১০ পয়সা। তার আগের তিন বছরে কোম্পানিটির ইপিএস ছিল যথাক্রমে ২০২০-২০২১ অর্থবছরে- ৪৪ পয়সা, ২০১৯-২০২০ অর্থবছরে ১ টাকা ১ পয়সা।
গত ১০ই অক্টোবর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন করে। আইপিও অনুমোদনের সময় দেওয়া শর্ত অনুসারে, আইপিওর আগে ইস্যু করা সব শেয়ার কোম্পানিটি স্টক এক্সচেঞ্জে প্রথম লেনদেনের তারিখ থেকে তিন বছরের জন্য লকইন থাকবে।
কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে শান্তা ইক্যুইটিজ লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।