চলতি বছরের আগস্ট মাসের পর সেপ্টেম্বর মাসেও বৈধপথে ব্যাংকিং চ্যানেলে (রেমিট্যান্স)প্রবাসী আয় বেড়েছে। সেপ্টেম্বর মাসে বৈধপথে দেশে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২৪০ কোটি ৪৮ লাখ (২ দশমিক ৪০ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৮ হাজার ৮৫৭ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা)।
কোনো একক মাসে এই পরিমাণ প্রবাসী আয় গত চার বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে চলতি বছরের জুন মাসে ব্যাংকিং চ্যানেলে ২৫৪ কোটি ডলার এবং তারও আগে ২০২০ সালের জুলাইয়ে ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।
আজ মঙ্গলবার (১ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ডলার। গত বছরের সেপ্টেম্বরে দিনে গড়ে রেমিট্যান্স এসেছিল ৪ কোটি ৪৫ লাখ ডলার,সে হিসেবে রেমিট্যান্স প্রবাহ প্রায় দ্বিগুণ হয়েছে।
একক মাস হিসেবে গত বছরের তুলনায় এ বছর সেপ্টেম্বরে রেমিট্যান্স বেড়েছে ৮০.০৪ শতাংশ। গত বছর সেপ্টেম্বরের রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার।২০২২ সালের সেপ্টেম্বরে এসেছিল ১৫৪ কোটি ডলার।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ৬৫৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। তার আগের অর্থবছরে একই সময় এসেছিল ৪৯০ কোটি ৭০ লাখ ডলার। চলতি অর্থবছরের তিন মাসের হিসাবে রেমিট্যান্স বেড়েছে ৩৩.৩ শতাংশ।