আজ (৮ই ফেব্রুয়ারি ) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (UCB) সেকেন্ড পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ‘করপোরেট বন্ড’ খাতে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (UCB) সেকেন্ড পারপেচুয়াল বন্ডটি।ত
গত ১৮ই জানুয়ারি ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের সাবস্ক্রিপশন শেষ হয়। যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য এ সাবস্ক্রিপশন ১৪ই জানুয়ারি শুরু হয়েছিল। ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশনের পরিমাণ ছিল ৫ হাজার টাকা বা এর গুণিতক। এতে সর্বোচ্চ কোনো সীমা রাখা হয়নি।
গত বছরের ২৬ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৭৩ তম সভায় ইউসিবির ৩০০ কোটি টাকার সেকেন্ড পারপেচুয়াল বন্ডের অনুমোদন দেয়া হয়েছিল। গত মাসে বন্ড ইস্যুর সম্মতি দেয় সংস্থাটি। বন্ডটি আনসিকিউরড, কনটিনজেন্ট-কনভার্টিবল, ফুললি পেইড-আপ নন-কিউমুলেটিভ। এর মধ্যে ২৭০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ও ৩০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির কুপন হার ৬-১০ শতাংশ। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে ইউসিবি টায়ার-১ মূলধন ভিত্তি শক্তিশালী করবে।
বন্ডটির ট্রাস্টির দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও অ্যারেঞ্জারের দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। ইস্যু ব্যবস্থাপনা ও অবলেখনের দায়িত্বে রয়েছে যথাক্রমে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।