মিউচুয়াল ফান্ড খাতে স্বচ্ছতা বাড়ানো, পরিচালনাগত জটিলতা কমানো এবং বিদেশি ব্যাংকের কার্যক্রম আরও সহজ ও গতিশীল করতে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’-এর বিভিন্ন বিধির ওপর তিনটি গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপন/নির্দেশনার মাধ্যমে এসব স্পষ্টীকরণ জারি করা হয়। সংস্থাটির আইন বিভাগের সিএমআরআরসি ডিপার্টমেন্ট থেকে জারি করা নির্দেশনাগুলো ‘Securities and Exchange Ordinance, 1969’-এর ২০এ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংকের পরিচালকদের পৃথক CIB রিপোর্টের বাধ্যবাধকতা শিথিল
বিধিমালার ৯(ঘ) বিধি বাস্তবায়নের বিষয়ে বিএসইসি জানিয়েছে, কোনো ব্যাংক কমিশন থেকে কাস্টোডিয়ান বা জিম্মাদার হিসেবে নিবন্ধিত হয়ে মিউচুয়াল ফান্ডের কাস্টোডিয়ান কার্যক্রম পরিচালনা করলে ওই ব্যাংকের প্রত্যেক পরিচালকের পৃথক পৃথক CIB রিপোর্ট বা CIB undertaking জমা দেওয়ার প্রয়োজন হবে না।
এর পরিবর্তে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক ইস্যু করা একটি প্রত্যয়নপত্র দাখিল করলেই হবে। ওই প্রত্যয়নপত্রে উল্লেখ থাকতে হবে যে, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ CIB তথ্য অনুযায়ী ব্যাংকটির কোনো পরিচালক ঋণখেলাপি নন।
কাস্টোডিয়ান ব্যাংকের আর্থিক বিবরণীতে সরাসরি স্বাক্ষরের শর্ত শিথিল
বিধিমালার ৮০(৩) বিধির প্রয়োগের ক্ষেত্রেও স্পষ্টীকরণ দিয়েছে বিএসইসি।
কোনো কাস্টোডিয়ান ব্যাংক মিউচুয়াল ফান্ডের সিকিউরিটিজ ও অন্যান্য সম্পদের হেফাজতকারী হিসেবে দায়িত্ব পালন করলে ফান্ড ব্যবস্থাপক কর্তৃক প্রস্তুত করা আর্থিক বিবরণীতে ওই ব্যাংকের সরাসরি স্বাক্ষরের বাধ্যবাধকতা থাকবে না।
তবে ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক মনোনীত একজন কর্মকর্তা আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত হেফাজতাধীন সম্পদের বিবরণীর যথার্থতা এবং কাস্টোডিয়ান-সংক্রান্ত তথ্যের বিষয়ে প্রয়োজনীয় প্রত্যয়ন প্রদান করবেন।
বিদেশি ব্যাংকে ‘ব্যবস্থাপনা কমিটি’ পাবে পর্ষদের ক্ষমতা
মিউচুয়াল ফান্ডের জিম্মাদারের হিসাব পরিচালনার জন্য মনোনীত স্বাক্ষরকারী নির্ধারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
বিধিমালার ৪৩(৬) বিধির আওতায় বিদেশি মালিকানাধীন ব্যাংকের সাংগঠনিক কাঠামো বিবেচনায় নিয়ে এ স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। কারণ, অনেক বিদেশি ব্যাংকের বাংলাদেশে আলাদা পরিচালনা পর্ষদ না থেকে ‘Management Committee’ বা মনোনীত কর্মকর্তাই সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে দায়িত্ব পালন করেন।
এখন থেকে বিধিটির উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে বিদেশি ব্যাংকের ‘Management Committee’ বা ‘মনোনীত কর্মকর্তা’ পরিচালনা পর্ষদের পক্ষে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
বিএসইসির মতে, মিউচুয়াল ফান্ড খাতের নিয়মকানুনকে আরও বাস্তবসম্মত ও কার্যকর করা, পরিচালনাগত জটিলতা কমানো এবং পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় এসব স্পষ্টীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।