রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে। সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে আরটিজিএস লেনদেন। সমস্যা সমাধানে কাজ চলছে।
আরটিজিএস এমন একটি পেমেন্ট ব্যবস্থা, যার মাধ্যমে একটি ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর করা যায়। এ ব্যবস্থায় প্রতিটি লেনদেন আলাদাভাবে ও তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি হয়। ফলে অর্থ স্থানান্তরের জন্য অতিরিক্ত অপেক্ষা করতে হয় না।