বেসরকারি খাতের সাবমেরিন ক্যাবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ। এই ক্যাবল প্রতি সেকেন্ডে সরবরাহ করতে পারবে ৪৫ হাজার জিবিপিএস ব্যান্ডউইথ। সেবা দিতে সিঙ্গাপুরের ক্যাম্পানা গ্রুপ থেকে ফাইবার লিজ নিচ্ছে সামিট, সিডিনেট ও মেটাকোর।
সামাজিক যোগাযোগ থেকে শুরু করে কেনাকাটা, পড়াশোনা এমনকি দাফতরিক নানা কাজকর্মে বেড়েছে ইন্টারনেটের ব্যবহার। ২০০৮ সালের দৈনিক মাত্র আট জিবিপিএস ব্যান্ডউইথ চাহিদা ১৫ বছরে ছাড়িয়েছে ৫ হাজার জিবিপিএস। সংশ্লিষ্টরা ধারণা করছেন, ২০৩০ সাল নাগাদ যা দাঁড়াবে ৩০ হাজার জিবিপিএসে।
এই বর্ধিত চাহিদা মেটাতে সিঙ্গাপুরের কাম্পানা গ্রুপের কাছ থেকে ফাইবার লিজ নিচ্ছে লাইসেন্স পাওয়া সামিট, সিডিনেট ও মেটাকোর সাবকম লিমিটেড। সিঙ্গাপুর থেকে মিয়ানমার পর্যন্ত ক্যাম্পানার দুই হাজার কিলোমিটারের ক্যাবল রয়েছে যার নাম সিগমার ট্রাঙ্ক ক্যাবল। মিয়ানমার থেকে সমুদ্রের তলদেশ দিয়ে কক্সবাজার পর্যন্ত মোট ১ হাজার ১০০ কিলোমিটার নতুন ক্যাবল টানতে হবে। মূল ক্যাবলটিতে থাকবে তিন প্রতিষ্ঠানের আলাদা আলাদা ফাইবার পেয়ার। এরই মধ্যে কক্সবাজারে, সমুদ্র তীর থেকে দুই কিলোমিটারের মধ্যে ল্যান্ডিং স্টেশনের জায়গা চূড়ান্ত হয়েছে। যেখান থেকে ফাইবার ক্যাবল আসবে ঢাকা পর্যন্ত।
সম্পূর্ণ কাজ শেষ করতে আমাদের হয়তো ২০২৫ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত সময় প্রয়োজন হবে। এর পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। তখন সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে সেই বছরের মাঝামাঝি সার্ভিসে চলে আসব।
আইএসপি ও আইআইজি অপারেটর ও বেসরকারি সাবমেরিন ক্যাবল অপারেটরের তথ্যমতে, বর্তমানে দৈনিক পাঁচ হাজার জিবিপিএস ব্যান্ডউইথ চাহিদার ২ হাজার ৭০০ জিবিপিএসই ভারত থেকে আসে, যা আমদানি করে দেশের ৬টি আইটিসি প্রতিষ্ঠান। এ জন্য বছরে ব্যয় হয় ৩৫ মিলিয়ন ডলার। এ ছাড়া বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি সরবরাহ করে ২ হাজার ৩০০ জিবিপিএস। তবে বেসরকারি প্রতিটি ফাইবারের সক্ষমতা ১৫ হাজার জিবিপিএস। শুধু তা-ই নয়, সরকারি ক্যাবলের চেয়ে সিঙ্গাপুরে সিগনাল পাঠাতে অন্তত ১০ মিলি সেকেন্ড সময় কম লাগবে।
প্রসঙ্গত, কাম্পানা গ্রুপ থেকে ফাইবার লিজ, ব্র্যাঞ্চিং ইউনিট তৈরি, বাংলাদেশ পর্যন্ত ক্যাবল টানা এবং যন্ত্রপাতি কেনা সব মিলিয়ে এই প্রকল্পে ২ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সামিট, সিডিনেট ও মেটাকোর সাবকম।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।