নোয়াখালীর বেগমগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে তিনটি কিরিচ ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।
সোমবার সন্ধ্যায় উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন হেলিপ্যাড মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার বাহার উদ্দিনের ছেলে সাইমুন হাসান পিয়াস (১৬), নাজিরপুর এলাকার বেলায়েত হোসেনের ছেলে রাহাতের রহমান নিরব (১৫), একই এলাকার হোসেন হেলালের ছেলে জোবায়ের হোসেন (১৭), দেলোয়ার হোসেনের ছেলে মেরাজ হোসেন (১৭), দ্বীন ইসলামের ছেলে ইয়াছিন আরাফাত বিজয় (১৬), চাঁদ মিয়ার ছেলে ওমায়ের হোসেন (১৮), একলাশপুর ইউনিয়নের রমজান বিবি এলাকার বাবুলের ছেলে সাগর হোসেন রিপন (১৭) ও মীরওয়ারিশপুর ইউনিয়নের সালা উদ্দিনের ছেলে ইয়াছিন আরাফাত সিয়াম (১৭)।
পুলিশ জানায়, বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজ এলাকায় কিশোর গ্যাংয়ের দু’টি গ্রুপ নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্ততারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।