দেশের টেলিযোগাযোগ খাতের করপোরেট কর ও ন্যূনতম কর সমন্বয়ের প্রস্তাব করেছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল অপারেটরস অব বাংলাদেশ(এমটব)।
আগামী ২০২৪–২৫ অর্থবছরের বাজেটকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে অনুষ্ঠিত প্রাক্–বাজেট আলোচনায় অংশ নিয়ে সংগঠনটি এ দাবি জানিয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে এই প্রাক্–বাজেট বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এমটবের পক্ষ থেকে টেলিকম–সংক্রান্ত আয়কর, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক ও সম্পূরক শুল্ক বিষয়ে ২১ দফা প্রস্তাব দেওয়া হয় বলে সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২০২৪–২৫ প্রাক বাজেট আলোচনার বিষয়ে বিজ্ঞপ্তিতে এমটব মহাসচিব মোহাম্মদ জুলফিকার বলেন, মোবাইল শিল্প খাতের সার্বিক প্রবৃদ্ধি অন্যান্য সব খাতের সার্বিক প্রবৃদ্ধির নির্ণায়ক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ খাতের ওপর আরোপ করা বিবিধ কর দেশেরঅন্যান্য খাতের চেয়ে অনেক বেশি। এমনকি বিশ্বের অন্যান্য দেশের তুলনায়ও এ কর বেশি।
আগামী বাজেটকে সামনে রেখে এমটবের দেওয়া প্রস্তাবের মধ্যে রয়েছে:
একই ব্যর্থতার কারণে দুবার কর আরোপ ও দ্বৈতকর পরিহার করা, সব সরকারি সংস্থার রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা স্পষ্ট করা, করপোরেট করের কমানো বা যুক্তিযুক্ত পর্যায়ে রাখা, ন্যূনতম কর সমন্বয় করা, অসমন্বয়কৃত অঙ্ক জের হিসাবে টানা, সিমের ওপর ধার্য মূল্যসংযোজন কর বাদ দেওয়া, টেলিকম অপারেটরদের জন্য আলাদা এইচএস কোড চালু করাইত্যাদি।
উল্লেখ্য দেশের শেয়ার বাজারে টেলিযোগাযোগ খাতের দুটি কোম্পানি তালিকাভুক্ত আছে, দেশের টেলিযোগাযোগ খাতের করপোরেট কর ও ন্যূনতম কর সমন্বয়ের বিষয়টি সমাধা হলে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণ ফোন লিমিটেড ও রবি আজিয়াটা কোম্পানি ২ টির মুনাফা বাড়ত,লাভবান হত বিনিয়োগকারীরা।