বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে পুনর্গঠিত উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদে আবারও বড় ধরনের পরিবর্তন এসেছে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও দুই স্বতন্ত্র পরিচালকসহ চারজন একযোগে পদত্যাগ করেছেন। ফলে পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদে এখন পরিচালক হিসেবে রয়েছেন মাত্র দুজন।
পদত্যাগ করা চারজন হলেন—উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান ও এনআরবিসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন, স্বতন্ত্র পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. নিয়ামুল কবির, স্বতন্ত্র পরিচালক মো. রফিকুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওয়ালি উল্লাহ।
চলতি বছরের ফেব্রুয়ারিতে উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। চারজন স্বতন্ত্র পরিচালক এবং উত্তরা গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও)-কে নিয়ে পাঁচ সদস্যের নতুন পর্ষদ গঠন করা হয়েছিল। মূল উদ্যোক্তা পরিবারের নিয়ন্ত্রণ থেকে প্রতিষ্ঠানটিকে বের করে এনে পরিচালনায় শৃঙ্খলা ফেরানোই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
কিন্তু পুনর্গঠনের মাত্র কয়েক মাসের মধ্যেই চেয়ারম্যান, এমডি ও দুই স্বতন্ত্র পরিচালকের পদত্যাগে প্রতিষ্ঠানটির পরিচালনা কাঠামো নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।
চার পরিচালকের পদত্যাগের পর উত্তরা ফাইন্যান্সের পর্ষদে এখন রয়েছেন স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শফিউল আজম এবং উত্তরা গ্রুপের সিএফও ও পরিচালক মাহবুব আলম।
এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন মো. ওয়ালি উল্লাহ। এক বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর তিনিও এবার পদত্যাগ করলেন।