শেয়ারবাজারে বিনিয়োগের অন্যতম মূল ভিত্তি হলো নিজের পুঁজি। দৈনন্দিন ও পারিবারিক প্রয়োজন মেটানোর পর যে অর্থ উদ্বৃত্ত থাকে, সেটিই হতে পারে বিনিয়োগযোগ্য পুঁজি। এই অর্থ বিনিয়োগ করে মুনাফা অর্জনের সম্ভাবনা থাকে, তবে একই সঙ্গে পুঁজি হারানোর ঝুঁকিও রয়েছে। তাই ব্যক্তিগত ও পারিবারিক আর্থিক নিরাপত্তা বিবেচনায় রেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া জরুরি।
বিশেষ করে ঋণ বা মার্জিন লোন নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা আরও বেশি প্রয়োজন। কারণ, শেয়ারবাজারে মুনাফা নিশ্চিত নয়, কিন্তু ঋণের সুদ ও পরিশোধের দায় নিশ্চিত ও নির্ধারিত।
ঋণ করে বিনিয়োগে কেন বাড়তি ঝুঁকি?
সাধারণত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সরাসরি শেয়ার কেনার জন্য ব্যক্তিগত বিনিয়োগকারীদের ঋণ দেয় না। তবে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে বিনিয়োগকারীরা শেয়ারের বিপরীতে মার্জিন ঋণ নিতে পারেন। এসব প্রতিষ্ঠানও বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে নির্দিষ্ট সুদে বিনিয়োগকারীদের ঋণ দিয়ে থাকে।
ফলে ঋণের সুদ, শেয়ার কেনাবেচার কমিশন এবং অন্যান্য খরচ বাদ দেওয়ার পর প্রকৃত মুনাফা হিসাব করতে হয়। বাজারে প্রত্যাশিত হারে মুনাফা না এলে ঋণের সুদই বিনিয়োগের লাভের বড় অংশ খেয়ে ফেলতে পারে। আর শেয়ারের দাম কমে গেলে লোকসানের পাশাপাশি ঋণের দায়ও বহাল থাকে।
ধরা যাক, একজন বিনিয়োগকারী ঋণ নিয়ে ১ লাখ টাকা বিনিয়োগ করলেন। অন্য একজন নিজের সঞ্চয় থেকে একই পরিমাণ অর্থ বিনিয়োগ করলেন। দুজনই একই শেয়ার ১০০ টাকা দরে কিনলেন। পরবর্তী সময়ে শেয়ারটির দাম বেড়ে ১১০ টাকা হলে উভয়ের বিনিয়োগের বাজারমূল্য হবে ১ লাখ ১০ হাজার টাকা।
কিন্তু ঋণগ্রহীতাকে এই ১০ হাজার টাকা মুনাফা থেকে ঋণের সুদ ও অন্যান্য খরচ পরিশোধ করতে হবে। অন্যদিকে নিজের অর্থে বিনিয়োগকারীকে কোনো ঋণের সুদ দিতে হবে না। ফলে একই শেয়ারে একই পরিমাণ মুনাফা হলেও ঋণ ছাড়া বিনিয়োগকারী তুলনামূলক বেশি লাভবান হবেন।
বড় পোর্টফোলিও ফোর্স সেলের অভিজ্ঞতা
বাংলাদেশের পুঁজিবাজারে মার্জিন ঋণ নিয়ে দীর্ঘমেয়াদে ভালো মুনাফা করেছেন, এমন বিনিয়োগকারীর সংখ্যা কত, তার নির্ভরযোগ্য পরিসংখ্যান নেই। তবে বাস্তব অভিজ্ঞতায় দেখা যায়, বাজারের দীর্ঘমেয়াদি দরপতন ও নেতিবাচক পরিস্থিতিতে মার্জিন ঋণ অনেক বিনিয়োগকারীর জন্য বড় আর্থিক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।
গত বছরের শেষ দিকে আমার একজন ক্লায়েন্টের বেশ বড় অঙ্কের বিনিয়োগ ফোর্স সেলের শিকার হয়। সম্প্রতি ওই বিনিয়োগকারী আক্ষেপ করে আমাকে জানিয়েছেন, ফোর্স সেলের কারণে তার পোর্টফোলিও প্রায় নিঃশেষ হয়ে গেছে। বর্তমানে তার হাতে উল্লেখযোগ্য কোনো বিনিয়োগ অবশিষ্ট নেই। উল্টো ব্রোকারেজ হাউজের কাছে আরও ১৭ লাখ টাকা ঋণ পরিশোধের দায় রয়েছে।
আমার বিবেচনায়, ওই বিনিয়োগকারী যদি মার্জিন ঋণ না নিতেন, তাহলে বাজারে বড় ধরনের দরপতনের কারণে তার লোকসান হলেও হয়তো পোর্টফোলিওর একটি উল্লেখযোগ্য অংশ ধরে রাখতে পারতেন। কিন্তু ঋণের দায় ও ফোর্স সেলের কারণে তার বিনিয়োগের পুরো কাঠামোই ভেঙে পড়েছে।
নিজের পুঁজিতে বিনিয়োগ, দীর্ঘমেয়াদে তুলনামূলক স্বস্তি
শেয়ারবাজারে বিনিয়োগ মানেই দ্রুত মুনাফা অর্জন নয়। বরং নিজের সামর্থ্য অনুযায়ী উদ্বৃত্ত অর্থ থেকে বিনিয়োগ করা এবং ভালো মৌলভিত্তির কোম্পানি যুক্তিসংগত দামে কেনার মাধ্যমে দীর্ঘমেয়াদি সম্পদ গড়ে তোলার চেষ্টা করা উচিত।
বাজারে এমন অনেক কোম্পানি রয়েছে, যাদের শেয়ারের দাম দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করে। তবে অতীতের মূল্যগত স্থিতিশীলতা ভবিষ্যতে পুঁজি সুরক্ষার নিশ্চয়তা দেয় না। তাই কোম্পানির আর্থিক অবস্থা, আয়, নগদ প্রবাহ, লভ্যাংশ এবং ব্যবসার ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ করেই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
ঋণ নিয়ে বিনিয়োগ করলে মুনাফার একটি অংশ সুদ পরিশোধে চলে যায়। অনেক সময় ভালো শেয়ার কম দামে কেনার পরও কাঙ্ক্ষিত মুনাফা পাওয়া কঠিন হয়ে পড়ে। এ ক্ষেত্রে প্রবাদটি প্রাসঙ্গিক, ‘লাভের গুড় পিঁপড়ায় খায়।’
২১ বছরের অভিজ্ঞতায় আমার পরামর্শ
পুঁজিবাজারে প্রায় ২১ বছরের অভিজ্ঞতার আলোকে আমার উপলব্ধি হলো, মার্জিন ঋণ কোনো সাধারণ বিনিয়োগকারীর জন্য সহজ মুনাফার উপায় নয়। বরং বাজার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান, ঝুঁকি ব্যবস্থাপনার দক্ষতা এবং আর্থিক সক্ষমতা না থাকলে এই ঋণ বড় বিপদের কারণ হতে পারে।
বিশেষ করে যাদের বিনিয়োগের অর্থ পারিবারিক সঞ্চয়, ভবিষ্যৎ প্রয়োজন কিংবা ধার করা টাকা, তাদের মার্জিন ঋণ থেকে দূরে থাকাই ভালো। নিজের উদ্বৃত্ত অর্থ দিয়ে ধাপে ধাপে বিনিয়োগ করুন। ভালো কোম্পানি নির্বাচন করুন এবং প্রয়োজন হলে দীর্ঘ সময় অপেক্ষা করার মানসিকতা রাখুন।
মনে রাখতে হবে, শেয়ারবাজারে শুধু মুনাফা করাই সফলতা নয়, প্রতিকূল বাজারেও নিজের পুঁজি ধরে রাখতে পারাটাও বড় সফলতা। ঋণের ওপর নির্ভর করে বড় পোর্টফোলিও গড়ে তোলার চেয়ে নিজের পুঁজির ভিত্তি মজবুত করাই দীর্ঘমেয়াদে অধিক গুরুত্বপূর্ণ।
Author
-
মোঃ জসিম উদ্দিন তালুকদার দেশের পুঁজিবাজারের সাথে সরাসরি যুক্ত। তিনি উপ-মহাব্যবস্থাপক, জাহান সিকিউরিটিজ লিমিটেডের। পোর্টফোলিও পরিচালনায় সুদক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন। তিনি ২০ বছর ধরে অত্যন্ত সুনামের সহিত পুঁজিবাজারের সাথে যুক্ত আছেন।
View all posts