বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়া আতঙ্ক ও ব্যাপক বিক্রির চাপে আজ সোমবার ,সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে।
দিনভর বিক্রির চাপের মুখে পড়ে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স একদিনেই ৮৫.৭১ পয়েন্ট বা ১.৫২ শতাংশ হারিয়ে ৫ হাজার ৫৫৪.১৮ পয়েন্টে নেমে আসে। আগের কার্যদিবসে সূচকটির পতন ছিল ২১.৪৯ পয়েন্ট।
আজ সোমবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ১৯.৩০ পয়েন্ট কমে ১ হাজার ১২৯.৩৪ পয়েন্টে এবং ব্লু-চিপ কোম্পানির সূচক ডিএস-৩০ সূচক ৩৫.৫০ পয়েন্ট হারিয়ে ২ হাজার ১১০.০৩ পয়েন্টে অবস্থান করে।
দিনজুড়ে বিক্রির চাপ এতটাই তীব্র ছিল যে, লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র ৩৬টির দর বেড়েছে। বিপরীতে ৩১৯টির দর কমেছে এবং ৩৪টির দর অপরিবর্তিত ছিল। এতে বাজারজুড়ে ছিল একতরফা পতনের চিত্র।
এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৭৬ কোটি ৬ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ১ হাজার ২ কোটি ৪৩ লাখ টাকার তুলনায় প্রায় ১২৬ কোটি টাকা কম। মোট ২৩৮ হাজার ৯২৫ বার হাতবদলের মাধ্যমে ২৮ কোটি ৭০ লাখের বেশি শেয়ার ও ইউনিট লেনদেন হয়।
লেনদেনের পরিমাণের দিক থেকে শীর্ষে ছিল ন্যাশনাল ফিড মিলস (এনএফএমএল)। কোম্পানিটির ১ কোটি ১০ লাখের বেশি শেয়ার হাতবদল হয়েছে এবং দর বেড়েছে ১.৮২ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা বিডি থাই অ্যালুমিনিয়ামের (বিডিথাই) ১ কোটি ৮ লাখ শেয়ার লেনদেন হলেও দর কমেছে ৮.০২ শতাংশ। এছাড়া এনসিসি ব্যাংক, রবি, গ্লোবাল হেভি কেমিক্যালস, ইস্টার্ন লুব্রিকেন্টস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস), সাপোর্টেল এবং সিমটেক্স উল্লেখযোগ্য লেনদেন করেছে।
দরপতনের তালিকায় শীর্ষে ছিল ডমিনেজ স্টিল, যার শেয়ারদর ৯.৯৪ শতাংশ কমেছে। বেক্সিমকো ৯.৭৯ শতাংশ, বিডিথাই ৮.০২ শতাংশ, আইপিডিসি ৭.৫৯ শতাংশ এবং ফাইন ফুডস ও জিকিউ বলপেনের দর ৭.৪৯ শতাংশ করে কমেছে।
পতনের বাজারেও ফারইস্ট ফাইন্যান্স ও পিপলস লিজিংয়ের দর ৮.৩৩ শতাংশ করে বেড়েছে। এছাড়া সাফকো স্পিনিং ৬.২৮ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্স ৪.৮৮ শতাংশ, বিএনআইসিএল ৪.৬৪ শতাংশ এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) ৪ শতাংশ দর বৃদ্ধি পেয়ে শীর্ষ গেইনার তালিকায় জায়গা করে নেয়।
বাজারসংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক বিভিন্ন গুঞ্জন, তদন্ত সংক্রান্ত উদ্বেগ এবং বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়া পেনিক সেলের কারণে বাজারে বিক্রির চাপ বেড়েছে। ফলে অধিকাংশ খাতের শেয়ারে নেতিবাচক প্রভাব পড়ে এবং সূচকের বড় পতন ঘটে।