সিরাজগঞ্জের বাঘাবাড়ী মিল্ক ভিটার পাউডার প্লান্টে যান্ত্রিক ত্রুটির খবর পেয়ে দায়িত্ব গ্রহণের পরপরই দ্রুত পদক্ষেপ নেন মিল্ক ভিটার মহাব্যবস্থাপক এনায়েত চৌধুরী। গতকাল তিনি আকস্মিকভাবে প্লান্টটি পরিদর্শনে যান এবং সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ও কর্মীদের সঙ্গে নিয়ে নিরবচ্ছিন্ন কাজের মাধ্যমে তিনি যান্ত্রিক ত্রুটির সমাধান করেন। তার তাৎক্ষণিক উদ্যোগ ও তদারকিতে অচল হয়ে পড়া পাউডার প্লান্টটি পুনরায় সচল করা সম্ভব হয়।
এ বিষয়ে জানতে চাইলে অর্থলিপির প্রতিনিধিকে মহাব্যবস্থাপক এনায়েত চৌধুরী বলেন, প্লান্টটি বন্ধ থাকায় দুগ্ধ খামারিদের মধ্যে যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল, তা দূর করতে পেরে তিনি স্বস্তি বোধ করছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ এখন থেকে উৎপাদন কার্যক্রম আবার পুরোদমে চলবে। সবাই দোয়া করবেন, যেন সাধারণ মানুষের সেবায় নিজেকে এভাবেই নিয়োজিত রাখতে পারি।”

এদিকে প্লান্ট সচল হওয়ায় স্থানীয় জনগণ ও দুগ্ধ খামারিরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এর আগে কোনো মহাব্যবস্থাপক এত দ্রুত ও আন্তরিকভাবে মাঠপর্যায়ে তদারকি করেননি।
স্থানীয়দের ভাষ্য, এনায়েত চৌধুরীর মতো একজন দায়িত্বশীল ও মানবিক কর্মকর্তা মিল্ক ভিটার জন্য যেমন আশীর্বাদ, তেমনি এর সুফল ভোগ করবেন সাধারণ মানুষ ও খামারিরা। তারা আশা করছেন, তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও গতিশীল ও লাভজনক হয়ে উঠবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।