পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেডকে লভ্যাংশ (ডিভিডেন্ড) বিতরণে ব্যর্থতার দায়ে ‘B’ ক্যাটাগরি থেকে নামিয়ে ‘Z’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
আজ সোমবার (৩০ মার্চ) থেকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারের লেনদেন এই নতুন ক্যাটাগরিতে শুরু হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা নং- BSEC/CMRRCD/2009-193/77, তারিখ: মে ২০২৪, অনুযায়ী, প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিকে নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দিতে হয়। আল-হাজ টেক্সটাইল অনুমোদিত লভ্যাংশ বিতরণে ব্যর্থ হওয়ায় কমিশন তাদের ক্যাটাগরি পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছে।
ক্যাটাগরি পরিবর্তনের ফলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর বিধি ১১(৮) অনুযায়ী, আজ ৩০ মার্চ ২০২৬ থেকে স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকাররা আল-হাজ টেক্সটাইলের শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীদের কোনো প্রকার ঋণ (Margin Loan) সুবিধা প্রদান করতে পারবেন না। অর্থাৎ, এখন থেকে এই কোম্পানির শেয়ার কিনতে হলে বিনিয়োগকারীকে নিজস্ব সম্পূর্ণ অর্থ ব্যবহার করতে হবে।
উল্লেখ্য, সাধারণত ‘Z’ ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বাড়তি ঝুঁকি থাকে এবং লেনদেনের ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা কাজ করে। লভ্যাংশ বিতরণে অনিয়মের কারণে কোম্পানিটির প্রতি বিনিয়োগকারীদের আস্থা হ্রাসের আশঙ্কা করা হচ্ছে।