মেটা প্ল্যাটফর্ম ইনকরপোরেটেডের বিগত দুমাসে প্রায় অর্ধ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার বিক্রি করে দিয়েছেন মার্ক জাকারবার্গ। ব্লুমবার্গের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ দুই বছরের বিরতির পর ২০২৩ সালে শেষ দুই মাসে এ শেয়ার বিক্রি করেছেন তিনি।
গত মঙ্গলবার (২রা জানুয়ারি) নিয়ন্ত্রক সংস্থার সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বর মাসের ১ তারিখ থেকে বছরের শেষ নাগাদ প্রতিদিনের লেনদেনেই নিজের শেয়ার বিক্রি করেছেন মেটার প্রধান নির্বাহী।
এ সময়ে তিনি প্রায় ৪২৮ মিলিয়ন ডলার মূল্যের প্রায় ১.২৮ মিলিয়ন শেয়ার বিক্রি করেছেন। গড়ে প্রতিদিন ১০.৪ মিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করা হয়েছে। এর মধ্যে ২৮শে ডিসেম্বর সবচেয়ে বেশি মূল্যের শেয়ার বিক্রি করা হয়, যার মূল্য দাঁড়িয়েছে ১৭.১ মিলিয়ন ডলার।
এর আগে, সবশেষ ২০২১ সালের নভেম্বরে মেটার শেয়ার বিক্রি করেছিলেন জাকারবার্গ। ২০২২ সালের শেষ দিকে কোম্পানির শেয়ার মূল্য নেমে যায় ৭ বছরের মধ্যে সর্বনিম্নে। সে অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে গত বছর কোম্পানির শেয়ার মূল্য বেড়েছে ১৯৪ শতাংশ। এতে গত বছর এনভিডিয়া করপোরেশন বাদে সব বড় টেক জায়ান্ট কোম্পানির শেয়ার মূল্যকে ছাড়িয়ে গেছে মেটা। বর্তমানে কোম্পানিটির শেয়ার মূল্য তার ২০২১ সালের সেপ্টেম্বর মাসের সর্বোচ্চ রেকর্ডের কাছাকাছি অবস্থানে রয়েছে।
ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সের তথ্য অনুসারে, ৩৯ বছর বয়সী মার্ক জাকারবার্গ মেটার প্রায় ১৩ শতাংশ শেয়ারের মালিক। তার সম্পদের পরিমাণ ১২৫ বিলিয়ন ডলারের মতো। বর্তমানে তিনি বিশ্বের ৭ম শীর্ষ ধনী।
এ বিষয়ে মন্তব্যের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা ব্লুমবার্গের অনুরোধে সাড়া দেয়নি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।