সর্বজনীন পেনশন স্কিমে ২০২৫-২৬ অর্থবছরে বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের মুনাফার হার ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর আগে মুনাফার হার ছিল ১১ দশমিক ৬৮ শতাংশ। অর্থাৎ আগের তুলনায় মুনাফার হার বেড়েছে শূন্য দশমিক ০৪ শতাংশীয় পয়েন্ট।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অর্থ বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এ মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সভা পরিচালনা করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও বোর্ডের সদস্য সচিব ড. মো. সুরাতুজ্জামান।
সভায় ২০২৫-২৬ অর্থবছরে বিনিয়োগ করা অর্থের বিপরীতে গ্রাহকদের মুনাফা প্রদানের পাশাপাশি সর্বজনীন পেনশন ব্যবস্থার সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং বিনিয়োগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
নমিনিকে পেনশন দেওয়ার সময়সীমা বাড়ছে
সভায় পেনশনারের মৃত্যুর পর নমিনিকে পেনশন দেওয়ার সময়সীমা ৭৫ বছর থেকে বাড়িয়ে ৮০ বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে পেনশনারের মৃত্যুর পর নির্ধারিত শর্তে নমিনির পেনশন সুবিধা পাওয়ার সময়সীমা আরও পাঁচ বছর বাড়বে।
চালু হতে পারে শরিয়াহভিত্তিক পেনশন স্কিম
সর্বজনীন পেনশন ব্যবস্থায় ইসলামিক ভার্সন চালুর বিষয়েও সভায় আলোচনা হয়েছে। প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা, এই চারটি স্কিমের শরিয়াহভিত্তিক সংস্করণ চালুর বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।
বিশেষ পরিস্থিতিতে অর্থ উত্তোলনের সুযোগ
অন্তত পাঁচ বছর চাঁদা দেওয়ার পর শারীরিক বা আর্থিক অক্ষমতার মতো বিশেষ পরিস্থিতিতে নির্ধারিত শর্তে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিবন্ধন বাড়াতে কমিশন বৃদ্ধির প্রস্তাব
সর্বজনীন পেনশন স্কিমে গ্রাহক নিবন্ধন বাড়াতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কমিশন ১৫ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করার প্রস্তাবও সভায় আলোচিত হয়। একই সঙ্গে ব্যাংক, ডাক বিভাগ ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসসহ অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠানের কমিশন নির্ধারণের বিষয়েও আলোচনা হয়েছে।
এ ছাড়া সর্বজনীন পেনশন স্কিমের আওতায় স্বাস্থ্যবীমা চালুর বিষয়টি সভায় আলোচনায় আসে। পাশাপাশি আগের সভাগুলোতে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আস্থা বাড়ানো, বিনিয়োগের সুফল নিশ্চিত করা এবং নতুন সুযোগ-সুবিধা যুক্ত করার মাধ্যমে সর্বজনীন পেনশন ব্যবস্থার পরিধি আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।