কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা এবং আরসা বিরোধী সন্ত্রাসী গ্রুপের মধ্যে পৃথক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ক্যাম্প কেন্দ্রীক এক আরসা কমান্ডারসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে।আজ সোমবার (৯ই অক্টোবর) ভোরে উখিয়ার ৫ নম্বর ও ২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।
এদিকে, টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার ভোর রাতে উখিয়া উপজেলার কুতুপালং ২ ইস্ট ও ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসা এবং আরসা বিরোধী গ্রুপের মধ্যে পৃথক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুই আরসা সন্ত্রাসী নিহত হয়। ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এপিবিএনের একাধিক টিম ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই জন হলো– ক্যাম্প ৭-এর ডি ৫ ব্লকের মীর আহমদের ছেলে সাকিবুল হাসান ওরফে সানা উল্লাহ এবং একই ক্যাম্পের এ ব্লকের আব্দুল গফুরের ছেলে মোহাম্মদ হোসেন।
ওসি জানান, ক্যাম্পে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত সানাউল্লাহ কুতুপালং ক্যাম্পের আরসার শীর্ষ সন্ত্রাসী। সে ক্যাম্প-২/ইস্টে আবুল কালাম মাঝি হত্যা, তাহের মাঝি হত্যা, আমিন মাঝি হত্যাচেষ্টাসহ বহু হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত। এ ছাড়াও সে এক বছর আগে এবিপিএন সদস্য সাঈদুল ইসলামকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িত ছিল।
তিনি আরও জানান, ঘটনার পরপরই ক্যাম্পে এপিবিএন পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।