শেয়ারবাজারে আসছে বিশেষায়িত কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়েব কোটস পিএলসি। কোম্পানিটি (এসএমই বোর্ডে) কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে বাজার থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করবে। গত (৫ই ডিসেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জকমিশন (বিএসইসি) কোম্পানিটির আবেদন অনুমোদন করেছে। বিএসইসির ৮৯০তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।
কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। কিউআইও’র মাধ্যমে উত্তোলন করা টাকা নতুন যন্ত্রপাতি ক্রয়, কার্যকরী মূলধন, ঋণপরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।
গত ৩০ জুন ২০২৩, তারিখে সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫০ টাকা। কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫.৯২ টাকা (পূন:মূল্যায়ন পরবর্তী)।
এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোন বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে সোনালী ইনভেস্টমেন্টস লিমিটেড।
উল্লেখ্য, ঢাকা স্টক এক্সচেঞ্জের এসএমই প্লাটফর্মে ইতিমধ্যে ১৮ টি কোম্পানি তালিকাভুক্ত থেকে লেনদেনে আছে। এছাড়াও আরও বেশ কয়েকটি কোম্পানি তালিকাভুক্ত হবার প্রক্রিয়ায় আছে।