অর্থ লিপি

২৩ নভেম্বর ২০২৬ সোমবার ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ারবাজারকে গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে বিএসইসির ৪ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারের কার্যক্রম আরও গতিশীল, সমন্বিত ও বিনিয়োগবান্ধব করতে একাধিক গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নেগেটিভ ইক্যুইটি ও অনিয়ালাইজড লস সমন্বয়ে সময় বৃদ্ধি, আইপিও আবেদন পর্যালোচনায় ‘সিঙ্গেল উইন্ডো রিভিউ’ পদ্ধতি চালু, এটিবিতে তালিকাভুক্ত বন্ড মূল বোর্ডে স্থানান্তর এবং ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনার বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত এর মধ্যে উল্লেখযোগ্য।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিএসইসির ১০৩৬তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেয়ারবাজারের বিভিন্ন কাঠামোগত ও পরিচালনাগত সমস্যা সমাধান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সহজ করা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

কমিশনের এসব উদ্যোগকেশেয়ারবাজারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, কার্যক্রমে গতিশীলতা আনা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের পথে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

১. নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময়

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারদের বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি (Negative Equity) এবং অনিয়ালাইজড লস (Unrealized Loss) সমন্বয়ের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটির ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২০২৭ সাল থেকে প্রতি বছর ন্যূনতম ২৬ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। এভাবে ধারাবাহিক প্রভিশন সংরক্ষণের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে তা সম্পূর্ণ সমন্বয় করতে হবে। তবে যেসব প্রতিষ্ঠানের সময়সীমা ইতিপূর্বে বৃদ্ধি করা হয়েছে, তাদের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত বহাল থাকবে।

অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নির্ধারিত নেগেটিভ ইক্যুইটির বাইরে ২০২৬ সালে নতুন করে কোনো নেগেটিভ ইক্যুইটি সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ওই বছরের মধ্যেই প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ ও সমন্বয় করতে হবে। নতুন সৃষ্ট নেগেটিভ ইক্যুইটিকে পরবর্তী বছরগুলোর প্রভিশন সংরক্ষণের আওতায় অন্তর্ভুক্ত করা যাবে না।

বিনিয়োগকারীদের স্বার্থে বিশেষ সুরক্ষা

নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও (BO) হিসাবের কার্যক্রম পরিচালনা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কমিশন কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নির্ধারণ করেছে।

শর্ত অনুযায়ী, এসব হিসাবের বিদ্যমান শেয়ার বিক্রির অর্থ দিয়ে নতুন করে ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনার মাধ্যমে পোর্টফোলিও পুনর্বিন্যাস (Portfolio Rebalancing) করা যাবে। তবে এর বিপরীতে নতুন কোনো মার্জিন ঋণ দেওয়া যাবে না এবং সংশ্লিষ্ট বিও হিসাবের লেনদেন ব্লক মার্কেটে করা যাবে না।

এ ছাড়া প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়কালীন সময়ে এসব বিও হিসাবে মার্জিন ঋণের সুদ কিংবা পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফি আরোপ করা যাবে না। নেগেটিভ ইক্যুইটিযুক্ত হিসাবের বিপরীতে সৃষ্ট কোনো দাবি বা দায়ের জন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের দায়ী করা কিংবা তাঁদের ওপর আর্থিক দায় চাপানো যাবে না।

তবে বর্ধিত সমন্বয়কালীন সময়ে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার কোনো নগদ লভ্যাংশ (Cash Dividend) ঘোষণা বা বিতরণ করতে পারবে না।

কমিশনের এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিদ্যমান আর্থিক চাপ পর্যায়ক্রমে সমন্বয়ের সুযোগ পাবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

২. এটিবির বন্ড মূল বোর্ডে স্থানান্তরের উদ্যোগ

অলটারনেটিভ ট্রেডিং বোর্ড (ATB) থেকে বন্ডগুলোকে স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে কমিশন।

সিদ্ধান্ত অনুযায়ী, যেসব বন্ডের ক্ষেত্রে বিএসইসির Consent Letter-এ ATB-তে তালিকাভুক্তির শর্ত রয়েছে, কিন্তু এখনও সেগুলো তালিকাভুক্ত হয়নি, সংশ্লিষ্ট ইস্যুয়ার কোম্পানিগুলোকে আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির জন্য আবেদন জমা দিতে হবে।

একই সঙ্গে বর্তমানে ATB-তে তালিকাভুক্ত বন্ডগুলো মূল বোর্ডে স্থানান্তর বা তালিকাভুক্ত করার বিষয়ে স্টক এক্সচেঞ্জগুলোকে একই সময়সীমার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে বন্ডের তালিকাভুক্তি কাঠামো আরও সুসংগঠিত হবে এবং মূল বোর্ডে বন্ডের অন্তর্ভুক্তি বাড়ানোর সুযোগ তৈরি হবে।

৩. আইপিও আবেদন পর্যালোচনায় ‘সিঙ্গেল উইন্ডো রিভিউ’ চালু

প্রাথমিক গণপ্রস্তাব (IPO) আবেদন পর্যালোচনা প্রক্রিয়া আরও কার্যকর, সমন্বিত ও সময়সাশ্রয়ী করতে ‘Single Window Review’ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

নতুন পদ্ধতিতে স্টক এক্সচেঞ্জ কোনো আইপিও আবেদন পর্যালোচনার সময় কমিশনের কোনো পর্যবেক্ষণ থাকলে তা স্টক এক্সচেঞ্জকে জানাতে পারবে। পরবর্তীতে স্টক এক্সচেঞ্জ নিজস্ব পর্যবেক্ষণের পাশাপাশি কমিশনের দেওয়া পর্যবেক্ষণ পর্যালোচনা ও বিবেচনা করে সংশ্লিষ্ট আইপিও আবেদনের বিষয়ে কমিশনের কাছে সুপারিশ জমা দেবে।

কমিশনের প্রত্যাশা, নতুন এ পদ্ধতির ফলে আইপিও আবেদন পর্যালোচনায় বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় বাড়বে। একই সঙ্গে কোম্পানিগুলোর জন্য আবেদন প্রক্রিয়া সহজ ও সময়সাশ্রয়ী হওয়ার পাশাপাশি সামগ্রিক আইপিও কার্যক্রম আরও গতিশীল হবে।

৪. ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনায় বিধিনিষেধ শিথিল

ইস্যুয়ার কোম্পানির ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রেও বিদ্যমান নির্দেশনায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আগের নির্দেশনা অনুযায়ী, কোনো ইস্যুয়ার কোম্পানির পরিচালক যে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, সেই ব্যাংকে সংশ্লিষ্ট কোম্পানির ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে বিধিনিষেধ ছিল। কমিশন সভায় এ শর্ত শিথিল করে সংশ্লিষ্ট ব্যাংকে ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ লক্ষ্যে ১৪ জানুয়ারি ২০২১ তারিখে জারি করা নির্দেশনায় প্রয়োজনীয় সংশোধনী এনে নতুন নির্দেশনা জারি করা হবে। নতুন নির্দেশনা জারির তারিখ থেকেই কার্যকর হবে।

বাস্তবায়নেই নির্ভর করবে উদ্যোগগুলোর সুফল

বিএসইসির ১০৩৬তম কমিশন সভায় গৃহীত চারটি সিদ্ধান্ত পুঁজিবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার ও কার্যক্রমের গতিশীলতা বাড়ানোর সম্ভাবনা তৈরি করেছে।

বিশেষ করে নেগেটিভ ইক্যুইটি সমস্যার পর্যায়ক্রমিক সমাধানের সুযোগ, বিনিয়োগকারীদের আর্থিক সুরক্ষা, বন্ডের তালিকাভুক্তি কাঠামোর উন্নয়ন এবং আইপিও প্রক্রিয়া সহজ করার উদ্যোগ বাজারের দীর্ঘমেয়াদি উন্নয়নে সহায়ক হতে পারে।

তবে এসব সিদ্ধান্তের প্রকৃত সুফল পেতে হলে সুষ্ঠু বাস্তবায়ন, কার্যকর তদারকি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা জরুরি। নীতিগত সিদ্ধান্তগুলোর পাশাপাশি সুশাসন, স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে ধারাবাহিক পদক্ষেপ নেওয়া গেলে পুঁজিবাজারের টেকসই উন্নয়নের পথ আরও সুগম হতে পারে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।