অর্থ লিপি

৫ অক্টোবর ২০২৬ সোমবার ২০ আশ্বিন ১৪৩৩

রূপপুরের পারমাণবিক জ্বালানি আসবে অক্টোবরে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ আগামী অক্টোবর মাস থেকে শুরু হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান রসাটম।

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় প্রথম ইউনিটের জ্বালানির একটি চালান নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারার খবরের মধ্যেই রুশ এই প্রতিষ্ঠানটি নতুন এই তথ্য জানাল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে রসাটম জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি সরবরাহ আগামী অক্টোবর মাসে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলবে এবং তা ডিসেম্বরের শেষ নাগাদ সম্পন্ন হবে।

সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় গত ২৪ সেপ্টেম্বর রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য নির্ধারিত ইউরেনিয়ামের চালানবাহী বিমান রাশিয়া থেকে রওনা হতে পারেনি।

প্রকল্প পরিচালক কবির হোসেন জানান, ইউনিট-ওয়ানের প্রথম বর্ষপূর্তিতে ফুয়েল পরিবর্তনের জন্য দুটি ফ্লাইটে মোট ৪৮টি অ্যাসেম্বলড জ্বালানি আসার কথা ছিল। এর প্রথমটি ২৪ সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি ১ অক্টোবর আসার কথা ছিল। এছাড়া এর পরপরই রূপপুরের দ্বিতীয় ইউনিটের প্রাথমিক জ্বালানি ৭টি ফ্লাইটে ৮ অক্টোবর থেকে প্রতি সপ্তাহে একটি করে আসার শিডিউল রয়েছে। সাধারণত কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের আকাশসীমা ব্যবহার করে এই ইউরেনিয়াম বহনকারী বিমানগুলো বাংলাদেশে আসে।

ঘটনার বিবরণ দিয়ে প্রকল্প পরিচালক জানান, গত ২৩ সেপ্টেম্বর রাতে রসাটমের পক্ষ থেকে ফ্লাইট স্থগিতের কথা জানানো হয় এবং আকাশসীমা সংক্রান্ত অনুমোদনের জটিলতার কথা বলা হয়। পরবর্তীতে কূটনৈতিক উপায়ে অনুমোদনের চেষ্টা করেও শেষ পর্যন্ত ২৪ সেপ্টেম্বর রাতে নিশ্চিত করা হয় যে রুট অনুমোদিত না হওয়ায় ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে স্থগিত হওয়া ওই চালানটি আগামী ১ অক্টোবর থেকে নতুন সূচিতে আসার কথা রয়েছে।

যদিও বিভিন্ন গণমাধ্যমে স্থগিত হওয়া চালানটিকে দ্বিতীয় ইউনিটের বলে উল্লেখ করা হয়েছিল, তবে রসাটমের বিবৃতিতে আকাশসীমা জটিলতার বিষয়ে সরাসরি কিছু বলা হয়নি। তারা কেবল চুক্তির শর্ত ও প্রকল্পের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরবর্তী কয়েকটি ফ্লাইটে দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ সম্পন্ন করার কথা জানিয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।