শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেডের (METROSPIN) কারখানা আরও এক বছর বন্ধ থাকবে। গত বছরের সেপ্টেম্বর থেকে কোম্পানিটির কারখানা বন্ধ রয়েছে। নতুন করে এই বন্ধের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করেছে কোম্পানিটি।
আজ বুধবার (২৫ সেসেপ্টেম্বর) উভয় স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।
কোম্পানিটি জানিয়েছে যে, নতুন কারখানা ভবন তৈরি, যন্ত্রপাতি স্থাপনসহ আধুনিকায়নের জন্যই কারখানা বন্ধ রেখেছে কোম্পানিটির কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর-২০২৩ থেকে নতুন কারখানা তৈরির কাজ শুরু হয়। ওই সময় কোম্পানির পক্ষ থেকে প্রথম দফায় ১২ মাস কারখানা বন্ধের কথা জানানো হয়েছিল। সেই মেয়াদ শেষের আগে আজ নতুন করে আরও ১২ মাস কারখানা বন্ধের কথা জানানো হয়েছে। ফলে নতুন কারখানা ভবন নির্মাণ ও আধুনিকায়নের জন্য টানা দুই বছর বন্ধ থাকবে কোম্পানিটির কারখানা।
বন্ধের আগে মেট্রোর কারখানায় দৈনিক সুতা উৎপাদনের ক্ষমতা ছিল ৬ টন। নতুন যন্ত্রপাতি স্থাপনের পর দৈনিক সুতা উৎপাদনক্ষমতা বেড়ে ২২ থেকে ২৫ টনে দাঁড়াবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।