শেয়ারবাজারে সব ধরনের অনিয়ম ও কারসাজি প্রতিরোধ এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কঠোর অবস্থান নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এ লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর সার্ভেইল্যান্স টিমের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ যৌথ বৈঠক করেছে কমিশন।
গত ২১ জুন ২০২৬ রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএসইসি’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর হাবিব রহমান, সিপিএ; কমিশনার নাহিদ মাহতাব; কমিশনার মো. নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম; এছাড়া বিএসইসি’র নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ডিএসই’র পক্ষে নেতৃত্ব দেন ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং চিফ রেগুলেটরি অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া।
বৈঠকে দেশের পুঁজিবাজারের উন্নয়ন, আধুনিকায়ন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে বাজারের স্বচ্ছতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাজারে যেকোনো ধরনের কারসাজি প্রতিরোধে আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন (International Best Practices) অনুসরণের ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে স্টক এক্সচেঞ্জের রিয়েল-টাইম সার্ভেইল্যান্স ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে সাম্প্রতিক সময়ে বাজার কারসাজি রোধে ডিএসই কী ধরনের পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ করেছে, তাও তুলে ধরা হয়।
বিএসইসি’র পক্ষ থেকে জানানো হয়, একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও কার্যকর শেয়ারবাজার গড়ে তুলতে কমিশন সম্পূর্ণ বদ্ধপরিকর। বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখতে সার্ভেইল্যান্স ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের কাজ অব্যাহত থাকবে।
বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।