বিচারপতি এ কে এম আসাদুজ্জামান দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।
একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে।
সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
দুদক আইন অনুযায়ী, তারা পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমান পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। অন্য দুই কমিশনার পাবেন হাইকোর্ট বিভাগের বিচারকের সমান পদমর্যাদা ও সুবিধা।
গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ পদত্যাগ করেন।
এরপর ২২ জুন নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের সুপারিশ দিতে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে বাছাই কমিটি গঠন করা হয়। কমিটি আগ্রহীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহের পর নতুন কমিশন গঠনের সুপারিশ করে।
দুদক আইন অনুযায়ী, তিনজন কমিশনারের সমন্বয়ে কমিশন গঠিত হয় এবং তাদের মধ্য থেকে একজন চেয়ারম্যান হন, কমিশনারদের মেয়াদ পাঁচ বছর।