অল্প কয়েকদিনের ব্যবধানে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম বাড়ানোতে এখন ভালো মানের সোনার ভরি বাংলাদেশের ইতিহাসে রেকর্ড গড়ল। নতুন ঘোষণা অনুযায়ী ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১,৭৫০ টাকা বাড়ানো হয়েছে। নতুন মূল্য নির্ধারণের ফলে আগামীকাল সোমবার (৬ই নভেম্বর) থেকে প্রতি ভরি সোনার দাম পড়বে ১,০৪,৬২৬ টাকা।
আজ রবিবার (৫ই নভেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, আগামীকাল ৬ই নভেম্বর ২০২৩, থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১,০৪,৬২৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৯৯ ,৯০২ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ৮৫,৬১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭১,৩২৫ টাকা।
আজ সোনার দাম বাড়ানোর ঘোষণা এলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১,৭১৫ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ১,৬৩৩ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১,৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,০৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রাজনৈতিক অস্থিরতা সহ নানাবিধ কারণে মানুষ এখন সোনা কিনে বিনিয়োগ করছেন। লাহামহীন দাম বাড়তে থাকায় এক শ্রেণির মানুষজন লাভের আশাতে সোনা কিনে জমাচ্ছেন। পাল্লা দিয়ে বাড়ছে সোনার দাম, তাতে বেচাকেনা কেমন জানতে চাইলে দেশের একটি নামকরা সোনার দোকানের বিক্রয় প্রতিনিধির সাথে কথা বললে জানান, মানুষ এখন সোনা কিনে স্টক করছে। তাই দাম বাড়লেও বিক্রি কমেনি।