মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী মারা গেছেন। আজ সোমবার (১৪ই আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক (হাসপাতালে) ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান।
তিনি জানান, উনার দুই বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
এর আগে রবিবার (১৩ই আগস্ট) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দেলাওয়ার হোসাইন সাঈদী। এদিন বিকাল ৫টার দিকে কারাগারের ভেতরে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়রে তাকে বিএসএমএমইউ-তে পাঠানো হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর জেল সুপার মো. শাহজাহান আহমেদ জানান, বিকাল ৫টার দিকে কারাগারে দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ হয়ে পড়েন। এ সময় বুকে ব্যথা অনুভব করছিলেন। কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়।
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম রবিবার জানান, ‘তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন, দেলাওয়ার হোসাইন সাঈদী মাইল্ড হার্ট অ্যাটাক করেছেন। পরে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রেফার্ড করেছেন চিকিৎসকরা। বিকালে জরুরি ভিত্তিতে তাকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ই ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০১০ সালের ২৯শে জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতার হন তিনি। পরে ২রা আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে গঠিত ২০টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।